মূল অংশে যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ · ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
নারী

অক্টোবরে নির্যাতনের শিকার ২৪০ নারী ও শিশু, ধর্ষণের ঘটনা ৫১

এক মাসে হত্যা করা হয়েছে ৪২ জন নারী ও শিশুকে।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ণ · আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
অক্টোবরে নির্যাতনের শিকার ২৪০ নারী ও শিশু, ধর্ষণের ঘটনা ৫১
প্রতীকী ছবি

চলতি বছরের অক্টোবর মাসে দেশে ২৪০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত রোববার সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত অক্টোবর মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের পরিসংখ্যান প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

ধর্ষণ ও হত্যার চিত্র

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে ধর্ষণের শিকার ৫১ জনের মধ্যে ৩৪ জন কন্যাশিশু এবং ১৭ জন নারী। তাদের মধ্যে ছয় কন্যাশিশুসহ ১৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুই কন্যাশিশুসহ তিনজনকে। এ ছাড়া ১৭ কন্যাশিশুসহ ২১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

একই মাসে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ৪২ জন নারী ও শিশুকে। তাদের মধ্যে সাতজন কন্যাশিশু এবং ৩৫ জন নারী। এ ছাড়া পাঁচ কন্যাশিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আত্মহত্যা ও যৌন সহিংসতা

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে আত্মহত্যা করেছেন ২৩ জন নারী ও কন্যাশিশু। তাদের মধ্যে ছয়জন কন্যাশিশু এবং ১৭ জন নারী। আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন দুই কন্যাশিশুসহ সাতজন।

একই সময়ে ১৫ কন্যাশিশুসহ ২১ জন নারী ও শিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন। তাদের মধ্যে সাত কন্যাশিশুসহ নয়জন যৌন নিপীড়নের শিকার হন। একই সংখ্যক কন্যাশিশুসহ মোট নয়জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। এ ছাড়া একজন কন্যাশিশুসহ তিনজন সাইবার সহিংসতার শিকার হয়েছেন।

অক্টোবরে অ্যাসিডদগ্ধ হয়েছেন একজন এবং অগ্নিদগ্ধ হয়েছেন তিন কন্যাশিশুসহ চারজন।

যৌতুক ও পারিবারিক নির্যাতন

মহিলা পরিষদের প্রতিবেদনে বলা হয়েছে, যৌতুকের কারণে সাতজন নারী নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে হত্যা করা হয়েছে।

এ ছাড়া পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুজন। পাশাপাশি দুই কন্যাশিশুসহ আটজন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অপহরণ ও পাচার

অক্টোবর মাসে ছয়জন কন্যাশিশু অপহরণের শিকার হয়েছে। এ ছাড়া নয় কন্যাশিশুসহ ২১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। একই সময়ে একজন কন্যাশিশুসহ দুজন পাচারের শিকার হয়েছেন।

মহিলা পরিষদের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ধর্ষণ, হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা, যৌন নিপীড়ন, অপহরণ ও অন্যান্য নির্যাতনের ঘটনা মিলিয়ে অক্টোবর মাসে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।