মূল অংশে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ · ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
নারী

তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জেলার পাঁচ উপজেলার নারীদের মধ্যে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ · আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী
ছবি: সংগৃহীত

নিজের উপার্জনে সংসারে অবদান রাখা এবং সন্তানদের পড়াশোনায় সহযোগিতা করার স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলেন লালমনিরহাটের ১০০ নারী। তিন মাসের বিনা মূল্যের প্রশিক্ষণ শেষে তাঁদের প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

গত ২৫ অক্টোবর দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জেলার পাঁচ উপজেলার নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়।

সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার গৃহবধূ সাজেদা বেগম বলেন, নিজের আয় দিয়ে সংসারে অবদান রাখতে চান তিনি। পাশাপাশি তিন সন্তানের পড়াশোনায় সহযোগিতা করার স্বপ্নও দেখছেন। তাঁর ভাষ্য, এই সেলাই মেশিন পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, লালমনিরহাট শুভসংঘের উপদেষ্টা অধ্যক্ষ এন্তাজুর রহমান ও সুনীল কুমার সূত্রধর, সভাপতি জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক নাঈম ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন।

জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, একসঙ্গে এতসংখ্যক নারীকে স্বাবলম্বী করার উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। বসুন্ধরা শুভসংঘের দেশব্যাপী কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন উদ্যোগ দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।

জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক বলেন, মানুষের পাশে দাঁড়াতে বসুন্ধরা গ্রুপের উদ্যোগ প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি সারা বছর বিভিন্নভাবে মানুষের কল্যাণে কাজ করছে, যা দেশের জন্য বড় অবদান।

ইমদাদুল হক মিলন জানান, লালমনিরহাটে দ্বিতীয় দফায় ১০০ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ ছাড়া আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারা তিন হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে বসুন্ধরা শুভসংঘের লাইব্রেরি রয়েছে। সেলাই মেশিন পাওয়া নারীদের নিজেদের কাজের পাশাপাশি অন্য নারীদেরও প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার আহ্বান জানান তিনি।

সেলাই মেশিন পাওয়া আদিতমারী উপজেলার তিস্তাতীরবর্তী মহিষখোচা এলাকার হিমু আক্তার বলেন, আর্থিক সংকটের কারণে তাঁর কলেজের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এখন সেলাইয়ের কাজ করে আয় করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন বলে আশা করছেন তিনি।

আরেক সুবিধাভোগী শিউলী রানী জানান, অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে সংসার চালাতে তাঁকে অনেক কষ্ট করতে হয়। নিজের উপার্জনে সংসারের হাল ধরার ইচ্ছা থাকলেও সুযোগের অভাব ছিল। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তাঁকে সেই সুযোগ করে দিয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz