৬ নভেম্বর রাবিতে শুরু হচ্ছে ৭ম গোল্ড জাতীয় বিতর্ক উৎসব
রাবি প্রতিনিধি
‘বদ্ধ বুদ্ধির বধ্যভূমে চিন্তার অভ্যুত্থান’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘৭ম গোল্ড জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। এতে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় ও ১২টি কলেজের বিতার্কিক দল অংশগ্রহণ করবে। আগামী ৬ ও ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুটি ভেন্যুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) এই প্রতিযোগিতার আয়োজন করছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, এবারের উৎসবটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। একটি আন্তঃকলেজ এবং অন্যটি আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়। আন্তঃকলেজ পর্যায়ে দেশের বিভিন্ন কলেজের বিতার্কিক দল এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করবে।
তিনি জানান, ইতোমধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের মোট ১৮টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল এবং ১২টি কলেজ এবারের আয়োজনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে।
দল বাছাই এবং বিচারক নির্ধারণ নিয়ে তিনি আরও জানান, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাব এবং কলেজকে সুযোগ দিয়েছি। অনলাইনে ২ মাস ব্যাপী আমরা বিভিন্ন ক্যাম্পাসে প্রচারণা চালায়। বাছাইকৃত মোট ৩২টি দলকে নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। বিতর্ক সার্কিটের সিনিয়র বিচারকগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতি বিতার্কিকদের আমরা বিচারক পর্যায়ে রেখেছি।
বিতর্কের কাঠামো ও প্রতিযোগিতার সময়সূচি নিয়ে তিনি জানান, এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা বাংলা এশীয় সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে প্রতিটি দল চারটি করে বিতর্কে অংশগ্রহণ করবে। চার রাউন্ড শেষে অর্জিত পয়েন্ট ও ফলাফলের ভিত্তিতে সেরা আটটি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে।
প্রতিযোগিতার সময় ও ভেন্যু জানিয়ে তিনি বলেন, আগামী ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে চারটি প্রাথমিক রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালসহ মোট পাঁচ রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হবে। পরদিন ৭ নভেম্বর, শনিবার সকালে একই ভবনে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্বের বিতর্ক। এছাড়া ৭ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় উভয় পর্যায়ের ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের অতিথির বিষয়ে বলেন, সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন ফাইনাল বিতর্ক শেষে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে সংগীত, আবৃত্তি, চিত্রকলা ও সংস্কৃতির সমন্বিত উপস্থাপনা থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ এপ্রিল বাংলা বছরের প্রথম দিনে প্রতিষ্ঠিত হয় গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ)। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তা, যুক্তিবাদী মনন এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে কাজ করে যাচ্ছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






