বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পাঠিয়েছেন ববি প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেক কাটা, তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন সংগঠনটির সদস্যরা।
এদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। পরে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া কনফারেন্স হলের সামনে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস ও জুলাই আন্দোলন নিয়ে তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। প্রধান আলোচক ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।
প্রধান আলোচক আকবর হোসেন বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্রের জন্য যেমন গণমাধ্যম প্রয়োজন, তেমনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য গণতান্ত্রিক চর্চা জরুরি। সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্ব দেন। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, বরিশাল শহরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
৭ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





