মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
আইন-আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ · আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

এর আগে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে তার অপব্যবহারের মাধ্যমে লুৎফুল তাহমিনা বর্ণিত অপরাধে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এছাড়া, আসামি লুৎফুল তাহমিনা খান প্রত্যক্ষ সহযোগিতায় নিজ এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ১০টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করে এই অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সকল আয়কর রিটার্নসহ সংযুক্ত রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।