মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলনের মধ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। দ্রুত সভা করে শ্রমিকদের মজুরি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ণ · আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পুরোনো ছবি

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। আজ থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হচ্ছে।

মন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের রাজপথ ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি।

সেদিন শ্রমিক নেতাদের উত্থাপিত দাবির বিষয়ে মন্ত্রী বলেন, তাদের বক্তব্যগুলো নিয়ে আলোচনা করে ধাপে ধাপে কাজ করা হবে। শিল্পকারখানা রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি পূরণেও সরকারকে উদ্যোগ নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

গত কয়েক দিন ধরে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের এই আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা এলো।