মিরপুরে সংঘর্ষ, বন্ধ ৩ মেট্রোস্টেশন
পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ। পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ডিউটি অফিসার হামিদুর রহমান।






