আইসিজির রায় বাস্তবায়ন না করলে পরিণতি ভোগ করতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী
প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমারের। এ ক্ষেত্রে তাদের বাঙালি হিসেবে নয়, স্বতন্ত্র রোহিঙ্গা পরিচয়েই ফিরিয়ে নিতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে ব্যর্থ হলে মিয়ানমারকে পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয়, নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করেই মিয়ানমারে ফেরানোর ব্যবস্থা করতে হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় রায় ঘোষণা করেন। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল বলে ১৫ বিচারকের মধ্যে ৯-৬ ভোটে সিদ্ধান্ত দেন আদালত।
রায়ে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য মিয়ানমারকে দায়ী করা হয়। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবারের পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে রায়ে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়টি বাংলাদেশ ইতিমধ্যে ১৯০টি দেশের কাছে তুলে ধরেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজির রায় মিয়ানমারকে অবশ্যই মেনে চলতে হবে। রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও মিয়ানমারের।’
মন্ত্রী আরও বলেন, ‘আইসিজির রায় চূড়ান্ত। এর বাস্তবায়ন করতে হবে মিয়ানমারকে। আন্তর্জাতিক দায়িত্ব পালনে দেশটি ব্যর্থ হলে এর পরিণতি ভোগ করতে হবে।’
রায় ঘোষণার পর বৃহস্পতিবার বিকেল থেকেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে টেলিভিশন ও বড় পর্দায় তা দেখেন আশ্রিতরা। রায়ের খবর ছড়িয়ে পড়ার পর অনেককে আনন্দ প্রকাশ, কান্না ও মোনাজাত করতে দেখা যায়। দীর্ঘদিনের বিচার ও নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে তাদের প্রত্যাশা, আদালতের নির্দেশ যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন ও সহিংসতার মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। দীর্ঘদিন ধরে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও জাতিগত পরিচয়ের স্বীকৃতিসহ নানা প্রশ্নে তা কার্যকর হয়নি।
রোহিঙ্গাদের নিজস্ব জাতিগত পরিচয় অস্বীকার করে বাঙালি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা প্রত্যাবাসন প্রক্রিয়ার অন্যতম বড় বিতর্ক। রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারে ফেরার আগে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিজ বসতভিটায় ফেরার নিশ্চয়তা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে চলাচলের অধিকার দিতে হবে।
আইসিজির রায় রোহিঙ্গা সংকট সমাধানে নতুন কূটনৈতিক ও আইনি সুযোগ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। তবে আদালতের নির্দেশ বাস্তবায়ন, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এবং রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। প্রত্যাবাসন যেন জোরপূর্বক বা অনিরাপদ পরিবেশে না হয়, সে বিষয়েও গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকেরা।
প্রায় নয় বছর ধরে শরণার্থীশিবিরে বসবাস করা রোহিঙ্গাদের কাছে আইসিজির রায় তাই শুধু গণহত্যার স্বীকৃতি নয়; নিজ দেশে স্বতন্ত্র পরিচয় ও মর্যাদা নিয়ে ফেরার প্রত্যাশার সঙ্গেও জড়িয়ে আছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





