মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

গণহত্যার রায়ের পর রোহিঙ্গাদের মনে ঘরে ফেরার আশা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
গণহত্যার রায়ের পর রোহিঙ্গাদের মনে ঘরে ফেরার আশা

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের ছোট্ট ঝুপড়ি ঘরে বসে দুপুর থেকেই মোবাইল ফোনের পর্দায় চোখ রেখেছিলেন উম্মে রুমান। অপেক্ষা করছিলেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের। দুর্বল ইন্টারনেটের কারণে সরাসরি সম্প্রচার বারবার আটকে যাচ্ছিল। একপর্যায়ে ফেসবুকে চোখে পড়ে একটি শিরোনাম—‘মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে নিশ্চিত করল আইসিজে’।

খবরটি দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন রুমান। পাশের ঘরে রান্না করছিলেন তার ভাবি। ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি। কিছু বলার আগেই চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। রুমান বলেন, ‘আমি আনন্দাশ্রু নিয়ে এই রায় উদযাপন করেছি। কারণ এই প্রথম পুরো বিশ্ব মেনে নিল, আমাদের ওপর কী ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল।’

দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক স্বীকৃতি

বৃহস্পতিবার দেওয়া ঐতিহাসিক এই রায়ে ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি স্বীকৃতি পায়। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় দীর্ঘদিনের অস্বীকৃতির পর রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। দীর্ঘদিন ন্যায়বিচারের অপেক্ষায় থাকা শরণার্থীদের মধ্যে এ রায় স্বস্তি, আবেগ ও নতুন আশার সঞ্চার করেছে।

রায়ের সময় শিবিরজুড়ে ছিল উত্তেজনা। কেউ মোবাইল ফোনে, কেউ ল্যাপটপে, আবার কেউ বড় পর্দায় পরিবার ও বন্ধুদের সঙ্গে আদালতের কার্যক্রম দেখছিলেন। ১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান শিক্ষক ও বন্ধুদের সঙ্গে ল্যাপটপে রায় দেখছিলেন।

রেহান জানান, রায় ঘোষণার পর অনেক নারী কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে প্রার্থনা করেন। তিনি মনে মনে ভাবছিলেন, এই রায় হয়তো তাদের নিজ দেশে ফেরার পথ খুলে দেবে। এ ভাবনাই তাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে।

গাম্বিয়ার ভূমিকার প্রশংসা, ঘরে ফেরার স্বপ্ন

রায়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ে শিবিরের বিভিন্ন ব্লকে। বয়স্ক শরণার্থীরা গাম্বিয়ার ভূমিকার প্রশংসা করে মামলাটি নিয়ে আলোচনা শুরু করেন। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের সদস্য দেশ হিসেবে গাম্বিয়া সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল।

রেহান যখন তার মাকে রায়ের খবর জানান, তখন তিনিও আনন্দ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এবার হয়তো নিজ দেশে ফেরার পথ তৈরি হবে।

আনন্দের মাঝেও ফিরে আসে নির্যাতনের স্মৃতি

তবে রায়ের পর আনন্দের মধ্যেও শরণার্থী জীবনের কঠিন বাস্তবতা বদলায়নি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার ক্যাম্পগুলোতে বৃষ্টি হচ্ছিল। এতে ঘিঞ্জি ঝুপড়ি ঘরে বসবাসকারী পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়ে যায়।

রোহিঙ্গা যুবক নুরুল আমিন বলেন, আদালতের স্বীকৃতিতে তিনি খুশি। তবে এ ঘোষণা তাকে ২০১৭ সালের ভয়াবহ স্মৃতি, সেনাবাহিনীর নির্যাতন এবং ফেলে আসা বাড়ির কথা মনে করিয়ে দিয়েছে।

রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহর কথায়ও উঠে এসেছে একই অনুভূতি। তার মতে, এই রায় স্বস্তি ও আশা দিলেও হারিয়ে যাওয়া স্বজনদের ফিরিয়ে আনতে কিংবা অতীতের কষ্ট মুছে দিতে পারবে না।

প্রত্যাবাসন নিয়ে নতুন প্রত্যাশা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোহিঙ্গা সংকট গবেষক নাসির উদ্দিন মনে করেন, ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীতে বৈশ্বিক ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠায় এমন রায়ের প্রয়োজন ছিল।

অন্যদিকে, ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান আল-জাজিরাকে বলেন, আন্তর্জাতিক আদালত গণহত্যার বিষয়টি স্বীকার করায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনায় পরিবর্তন আসতে পারে। নিরাপদ প্রত্যাবাসনের জন্য ঢাকাকে মিয়ানমারের কাছ থেকে আরও শক্ত নিশ্চয়তা নিতে হবে।

সব মিলিয়ে রোহিঙ্গাদের সবচেয়ে বড় প্রত্যাশা এখন নিজ দেশে ফেরা। তারা চান অপরাধীদের বিচার, নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরে পাওয়া এবং মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন।

নুরুল আমিনের আশা, আন্তর্জাতিক সম্প্রদায় এখন শুধু মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার পেছনের রাজনৈতিক কারণগুলো সমাধানে উদ্যোগ নেবে। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামরিক শাসনের অবসানের মধ্য দিয়ে তাদের অধিকার ও মর্যাদা নিয়ে ঘরে ফেরার পথ তৈরি হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz