প্রশাসনের ভেতরেও ফ্যাসিবাদের দোসররা সক্রিয়: রিজভী
দেশে ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা সেখান থেকে আগুন-সন্ত্রাসে মদদ দিচ্ছেন। তাদের অবৈধ অর্থের অভাব নেই। পাচার করা অর্থের পাশাপাশি দেশের ভেতরেও তাদের বিপুল অর্থ রয়েছে।
তিনি অভিযোগ করেন, ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা অবৈধ অর্থ দিয়ে সন্ত্রাসীদের ব্যবহার করে বাড়ি ও গাড়িতে আগুন দিচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়ি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্য দলের নেতাদের বাড়িতেও হামলা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডে প্রতিবেশী দেশ থেকে মদদ আসছে বলেও দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের লাশ চান। দলের নেতাকর্মীদের মৃত্যু হলে তার রাজনৈতিক আন্দোলন বেগবান হবে বলে তিনি মনে করেন।
বিএনপির এই নেতা দাবি করেন, ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি পুলিশ প্রশাসনের ভেতরেও সক্রিয় রয়েছে। তাদের তৎপরতার কারণেই বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও গত তিন দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
যশোর জেলা বিএনপির আয়োজনে স্মরণসভায় আরও বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





