মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

খেলাপি ঋণের ৯০ শতাংশ পর্যন্ত আদায় অনিশ্চিত, পেছনে দুর্নীতি-জালিয়াতি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
খেলাপি ঋণের ৯০ শতাংশ পর্যন্ত আদায় অনিশ্চিত, পেছনে দুর্নীতি-জালিয়াতি
ছবি: সংগৃহীত

ব্যাংক খাতে বিতরণ করা ঋণের এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ আদায় অনিশ্চিত। মোট খেলাপি ঋণের মাত্র ১০ শতাংশ স্বাভাবিক ঋণঝুঁকির কারণে সৃষ্টি হয়েছে। বাকি ঋণের পেছনে দুর্নীতি, জালিয়াতি ও নানা ধরনের অপরাধ জড়িত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোতে প্রভিশন ও মূলধন ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। এতে সংকটে পড়ছে ব্যাংক খাত। খেলাপিদের ঋণের দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে আমানতকারী, ভালো ব্যবসায়ী ও ভালো ব্যাংকগুলোকে।

শনিবার রাজধানীতে নলেজ হাব ইনস্টিটিউট আয়োজিত ‘ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি ও নীতি পর্যালোচনা জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের গবেষণা সহকারী নূর ইয়ানা জান্নাত। এতে ব্যাংক খাতের সংকট মোকাবিলায় ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীন ঋণ পর্যালোচনা এবং ২০২৭ সালের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এসব ব্যবস্থায় পুনরুদ্ধার সম্ভব না হলে সংশ্লিষ্ট ব্যাংক অবসায়নের সুপারিশও করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর সার্বিক মূলধন পরিস্থিতি ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। অথচ স্থিতিশীলতার জন্য কমপক্ষে ১০ শতাংশ মূলধন রাখার কথা। এ ছাড়া চাহিদার তুলনায় প্রভিশন ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। ব্যাংকগুলোর মাত্র ৪৪ দশমিক ৮০ শতাংশ ঋণের বিপরীতে প্রভিশন রয়েছে। বাকি ৫৩ শতাংশের বেশি ঋণের বিপরীতে প্রভিশন নেই।

এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে আছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। খেলাপি ঋণের বড় অংশ সন্দেহজনক ও মন্দ ঋণ হিসেবে চিহ্নিত। এসব ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। মার্চের মধ্যেই অতি দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নেওয়া জরুরি। ব্যাংক দুর্বল থাকলে অর্থনীতির চাহিদা অনুযায়ী অর্থের জোগান ব্যাহত হবে।

প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ড. শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক ও উদ্বেগজনক। এর মধ্যে ১০ শতাংশ স্বাভাবিক ঋণঝুঁকির কারণে সৃষ্টি হতে পারে। বাকি ঋণের পেছনে পরিচালনাগত ঝুঁকি, অনিয়ম, জালিয়াতি ও অপরাধের ঘটনা জড়িত।

তিনি বলেন, এসব অপরাধ মোকাবিলা করা শুধু ব্যাংকের পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে একসঙ্গে কাজ করতে হবে। ইচ্ছাকৃত খেলাপিদের ঋণের দায় বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, ভালো ব্যবসায়ী ও ভালো ব্যাংকগুলোকে।

তথ্যসূত্র: যুগান্তর

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz