স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
২০২৭ শিক্ষাবর্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর রিটটি দায়ের করা হয়। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি করেন।
উল্লেখ্য, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি পদ্ধতি চালু করা হয়েছিল। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এ পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।
গত ১৬ মার্চ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। পরবর্তী সময়ে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদারের দাবি, লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের পর এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়ার পাশাপাশি ছোট শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শিক্ষাবিদরা।
এ ছাড়া পর্যাপ্ত গবেষণা ও তথ্য-উপাত্ত ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, ভর্তি পরীক্ষা চালু হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক বৈষম্য বাড়তে পারে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা কোচিং ও গৃহশিক্ষকের খরচ বহন করতে না পারায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে।
এসব আশঙ্কা থেকেই লটারি পদ্ধতি বহাল রাখার দাবিতে রিটটি দায়ের করা হয়েছিল। তবে হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





