মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

গোপালগঞ্জে লগি-বৈঠা ও দেশি অস্ত্র নিয়ে আ.লীগের মিছিল, ভাঙচুর

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৯:০২ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
গোপালগঞ্জে লগি-বৈঠা ও দেশি অস্ত্র নিয়ে আ.লীগের মিছিল, ভাঙচুর
ছবি: সংগৃহীত

লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানারও টাঙানো হয়। এ ছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।

১৯ নভেম্বর আওয়ামী লীগের আহ্বান করা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার (১৫ নভেম্বর) এ বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। আট দফা দাবি ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তাঁরা।

সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়।

এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি, বৈঠা ও দেশি অস্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল শহরে প্রবেশ করে। মিছিলগুলো শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এসে সমবেত হয়। সেখানে নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে জাতীয় পতাকা, লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লম নিয়ে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে দিতে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ে যান। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন তাঁরা। এ সময় নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাটে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করেন। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে নির্মিত নামফলকও ভেঙে ফেলা হয়।

পরে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতেও দেখা যায়। এ সময় প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের এপিসির গায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে দেন।

সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থান দেখা গেলেও তাদের তৎপরতা চোখে পড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে যত দিন দেশে ফিরিয়ে আনতে না পারব, তত দিন রাজপথে আমাদের আন্দোলন চলবে।’

এ বিষয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তাঁরা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz