দারিদ্র্য কমেছে কাগজে-কলমে, খাবারের অভাবে দিন কাটছে ভারতের কোটি মানুষের
আল-জাজিরা
বিশ্বব্যাংকের হিসাবে, গত এক দশকে ভারতে চরম দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১১ সালে দেশটিতে চরম দারিদ্র্যের হার ছিল ২৭ শতাংশ, যা ২০২৩ সালে নেমে এসেছে আড়াই শতাংশে। তবে দারিদ্র্যের এই পরিসংখ্যানের সঙ্গে বাস্তব জীবনের চিত্রের বড় ব্যবধান রয়েছে। এখনো দেশটির কোটি কোটি মানুষ খাদ্য, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। সামান্য অসুস্থতা কিংবা আয় বন্ধ হয়ে গেলেই অনেক পরিবারকে আবার চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণে ভারতের দরিদ্র মানুষের এমন বাস্তব চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে রাজস্থানের ২৫ বছর বয়সি গৃহবধূ হেমা প্রজাপতের পরিবারের উদাহরণ তুলে ধরা হয়েছে। তিন সদস্যের পরিবারটির মাসিক ব্যয় প্রায় ১১ হাজার রুপি। বিশ্বব্যাংকের নির্ধারিত দারিদ্র্যসীমা অনুযায়ী পরিবারটিকে আর দরিদ্র হিসেবে বিবেচনা করা হয় না। কিন্তু বাস্তবে মাসের শেষ দিকে খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয় তাদের। পরিবারের একমাত্র সন্তানকে খাবার দিতে গিয়ে অনেক সময় নিজেদের প্রয়োজনও উপেক্ষা করতে হয় হেমা ও তাঁর স্বামীকে।
হেমা মানুষের বাড়িতে কাজ করে মাসে প্রায় পাঁচ হাজার রুপি আয় করেন। তাঁর স্বামী হরি প্রজাপত আগে মাটির তৈরি হাঁড়ি-পাতিল বিক্রি করতেন। পরে ব্যবসায় লোকসান ও করোনার প্রভাবে জীবিকা পরিবর্তন করে রাস্তায় ফুচকা বিক্রি শুরু করেন। কিন্তু এতেও পরিবারের আর্থিক সংকট কাটেনি।
ভারতে গত এক দশকের বেশি সময় ধরে দারিদ্র্যের কোনো সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। ফলে দেশটির দারিদ্র্য পরিস্থিতি মূল্যায়নে বিশ্বব্যাংকের পরিসংখ্যান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংস্থাটির হিসাবে, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে চরম দারিদ্র্যের হার ২৭ শতাংশ থেকে কমে আড়াই শতাংশে দাঁড়িয়েছে। তবে এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদদের একাংশ।
বিশ্লেষকদের মতে, দারিদ্র্য নির্ধারণের ক্ষেত্রে মানুষের প্রকৃত জীবনযাত্রার ব্যয় যথাযথভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে না। বিশেষ করে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের ব্যয় বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় বছরে ভারতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অন্তত ৫১ শতাংশ বেড়েছে। কিন্তু নিম্ন আয়ের মানুষের উপার্জন সেই অনুপাতে বাড়েনি।
এর ফলে সরকারি সহায়তায় বিনামূল্যে চাল ও ডাল পেলেও অনেক পরিবারকে অন্যান্য ব্যয় মেটাতে ঋণ করতে হচ্ছে। চিকিৎসার খরচও তাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। সরকারি হাসপাতালে দীর্ঘ অপেক্ষা ও অতিরিক্ত ভিড়ের কারণে অনেকে বেসরকারি চিকিৎসাকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন।
হেমার ছেলের জ্বর হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে ছয় হাজার রুপি খরচ হয়। এই অর্থ তাঁর এক মাসের আয়ের চেয়েও বেশি। একই এলাকার সুশীলা সালভি নামের এক নারী দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার পর বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে তাঁর জমানো ৬৫ হাজার রুপি খরচ করেন। অর্থসংকটের কারণে তাঁর বড় মেয়ের ব্যক্তিগত পড়াশোনার ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে।
উন্নয়ন অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রার মতে, গ্রাম ও শহরের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনায় না নিয়ে দারিদ্র্যসীমা নির্ধারণ করা বাস্তবসম্মত নয়। বন্যা, খরা, মহামারি কিংবা পারিবারিক কোনো বড় ব্যয় নিম্ন আয়ের পরিবারগুলোকে আবার চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।
প্রতিবেদনে নয়াদিল্লির উপকণ্ঠে বসবাসকারী ৩৭ বছর বয়সি সীমা কুমারের পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। মাসে ২০ হাজার রুপি ব্যয় করেও উৎসবের সময় তাঁকে ঋণ নিতে হয়। সম্প্রতি দীপাবলির আতশবাজির ধোঁয়ায় পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়লেও ছেলের জন্য একটি মাস্ক কেনার সামর্থ্য ছিল না তাঁর।
আল-জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি আয় ও সম্পদের বৈষম্যও স্পষ্ট। দেশটির মাত্র এক শতাংশ ধনীর হাতে রয়েছে মোট সম্পদের প্রায় ৪০ শতাংশ। ফলে দারিদ্র্যের হার কমার পরিসংখ্যানের পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, চিকিৎসা ব্যয় এবং জীবনযাত্রার নিরাপত্তাও বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





