প্রান্তিক জনগোষ্ঠী পাবেন জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জামানতবিহীন ঋণ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্দিষ্ট শ্রেণির গ্রাহক ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ১২ মাস সময় পাওয়া যাবে। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।
রোববার (১৫ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় পরিচালিত এ কর্মসূচিতে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ও ই-ওয়ালেটের মাধ্যমে ঋণ বিতরণ করা যাবে। এ জন্য অংশগ্রহণকারী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ৩ শতাংশ সুদে তহবিল পাবে।
ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাবেন। আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ পুনঃঅর্থায়ন সুবিধা চালু থাকবে।
এদিকে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গত ১২ নভেম্বর ১ হাজার ৫০০ কোটি টাকার আরেকটি পুনঃঅর্থায়ন তহবিল গঠনের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দিতে পারবে।
এ কর্মসূচিতে একক ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দুই থেকে পাঁচজনের একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবে। তবে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর।
তহবিলের আওতায় ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তা, কৃষক, মৎস্যজীবী, মুচি, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দর্জি, রিকশা ও ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষ ঋণ পাওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, তাঁতি, চা-শ্রমিক, দোকানি, ফ্রিল্যান্সার ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও এ সুবিধার আওতায় থাকবেন।
নারীদের আর্থিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে তহবিলের অন্তত ২৫ শতাংশ ঋণ তাঁদের মধ্যে বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, উপকূলীয় অঞ্চল, চর ও হাওরাঞ্চলের বাসিন্দা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের সদস্য, বিদেশফেরত কর্মী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও এ ঋণ পাওয়ার জন্য বিবেচিত হবেন।
শিক্ষার্থীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। ২৫ বছর বয়স পর্যন্ত দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা কারিগরি, বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের খরচ মেটাতে ঋণ নিতে পারবেন। এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার ব্যয় এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
ঋণ পেতে গ্রাহককে ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি ওই হিসাবে জমা হবে। ২৫ হাজার টাকা থেকে শুরু করে ঋণের ক্ষেত্রে ব্যাংক ঋণ নিশ্চয়তা কর্মসূচির সুবিধা নিতে পারবে। এ জন্য নিশ্চয়তা ফি ব্যাংককেই পরিশোধ করতে হবে।
ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ৬০ মাস বা পাঁচ বছর। প্রয়োজনে ছয় মাস পর্যন্ত কিস্তি পরিশোধে ছাড় দেওয়া যাবে। মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বছরে একবার কিস্তি পরিশোধের সুযোগ থাকবে।
ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং অনলাইন বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণের আবেদন ও অর্থ বিতরণ করা যাবে। ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, তা ব্যাংকগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি কর্মসূচির অগ্রগতি ও ঋণ বিতরণের তথ্য প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





