মূল অংশে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ · ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় উত্থান

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ · আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় উত্থান
ছবি: সংগৃহীত

তলানিতে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে জোরালো পুনরুদ্ধার দেখা গেছে। সাম্প্রতিক দরপতনকে কাজে লাগিয়ে কম দামে কেনার প্রবণতা এবং আগের লেনদেনের হিসাব গুটিয়ে নেওয়ার কারণে মূল্যবান এই ধাতু দুটির বাজার আবার চাঙা হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কায় এই উত্থান কত দিন স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭২ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের অগ্রিম দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলার।

এদিকে এক আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৭ ডলারে উঠেছে। লাইভমিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এমসিএক্স বাজারে ডিসেম্বরের স্বর্ণের অগ্রিম দাম প্রতি ১০ গ্রামে ১ লাখ ২২ হাজার ২৭২ রুপি এবং রুপার দাম প্রতি কেজিতে ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ রুপিতে সপ্তাহ শেষ করেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতা কিছুটা কমেছে। এতে স্বর্ণ ও রুপা বিক্রির চাপও কমে যায়। পাশাপাশি দরপতনের পর কম দামে কেনার আগ্রহ বাড়ায় মূল্যবান ধাতু দুটির দাম পুনরুদ্ধার হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে অর্থনীতির গতি প্রত্যাশার চেয়ে ভালো থাকায় সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

সুদের হার বাড়লে স্বর্ণ ও রুপার মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমতে পারে। ফলে মূল্যবান ধাতু দুটির দামে আবারও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্রিকওয়ার্ক রেটিংসের গবেষণা প্রধান রাজীব শরণ মনে করেন, আগামী কিছুদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ৭৫০ ডলারের মধ্যে থাকতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, বর্তমান বাজার পরিস্থিতিতে একসঙ্গে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ না করে ধাপে ধাপে স্বর্ণ কেনা তুলনামূলক ভালো কৌশল হতে পারে। কারণ, সাম্প্রতিক উত্থানের পর দাম দীর্ঘ সময় ধরে বাড়তে থাকবে—এমন নিশ্চয়তা নেই।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz