বিদেশ যেতে নারীদের জামানত ছাড়াই ৩ লাখ টাকা ঋণ
চাকরির জন্য বিদেশগামী নারী কর্মীদের জামানত ছাড়াই সর্বোচ্চ ৩ লাখ টাকা ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। তবে ঋণ পেতে একজন আর্থিকভাবে সক্ষম জামিনদার প্রয়োজন হবে। এ ঋণের সুদের হার বছরে ৯ শতাংশ এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ তিন বছর।
২০১১-১২ অর্থবছর থেকে ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ৭ হাজার ৩৯৮ নারীকে মোট ১৬৭ কোটি ৩৩ লাখ টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি।
ঋণের কিস্তি শুরুর আগে নির্ধারিত ছাড়ের সময় রয়েছে। সেই সময় শেষ হলে মাসিক সমান কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার সাত দিনের মধ্যে ঋণ দেওয়ার কথা জানিয়েছে ব্যাংক।
বিদেশে যেতে ভিসা, যাতায়াতসহ বিভিন্ন ব্যয় মেটাতে অনেক নারীকে ঋণের ওপর নির্ভর করতে হয়। সৌদি আরবে যেতে আগ্রহী সিরাজগঞ্জের আমিনা খাতুন বলেন, ‘আমি দেশের বাইরে যেতে চাচ্ছি, মোটামুটি কাজ আগাচ্ছি। ভাবছিলাম কারও কাছে সুদের টাকা নিয়ে যাব। এলাকার চাচার কাছে শুনেছি প্রবাসী ব্যাংক নাকি কিছু কাগজ দিলেই লোন দেবে। ঋণটা পেলে আমার দুশ্চিন্তা চলে যাবে।’
ঋণ পেতে যেসব কাগজ লাগবে
ঋণ নিতে আবেদনকারীকে প্রথমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে। পাশাপাশি নিজের নামে একটি সচল ব্যাংক হিসাব থাকতে হবে। ওই হিসাবের তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা ও হিসাব বিবরণী জমা দিতে হবে।
ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমের সঙ্গে দিতে হবে তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ডের ফটোকপি। এ ছাড়া অভিবাসন ব্যয়ের রসিদ জমা দিতে হবে।
বিদেশের কর্মস্থলের ঠিকানা, টেলিফোন নম্বর, ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেইল ঠিকানা থাকলে সেগুলোও আবেদনে উল্লেখ করতে হবে। তবে পুনঃপ্রবেশ (রি-এন্ট্রি) ভিসার ক্ষেত্রে বিএমইটি কার্ড বাধ্যতামূলক নয়।
রি-এন্ট্রি ভিসায় বিদেশ যেতে ইচ্ছুক নারীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ এবং বিদেশে কর্মসংস্থানের প্রমাণ জমা দিতে হবে। এসব কাগজপত্র যাচাই করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেবে ব্যাংক।
জামিনদার ও ঋণের অতিরিক্ত খরচ
ঋণের জন্য আর্থিকভাবে সক্ষম একজন ব্যক্তিকে জামিনদার করতে হবে। জামিনদারের ছবি, জাতীয় পরিচয়পত্র, পেশার প্রমাণপত্র এবং তাঁর ব্যাংক হিসাবের তিনটি স্বাক্ষরিত চেকের পাতা ও হিসাব বিবরণী জমা দিতে হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগম এশিয়া পোস্টকে বলেন, ‘বিদেশগামী নারী কর্মীদের সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে আমাদের ব্যাংকের মাধ্যমে। এ ঋণের জন্য একজন গ্যারান্টর প্রয়োজন। তবে তাকে সরকারি চাকরিজীবী হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।’
জামানত না লাগলেও ঋণ নিতে কিছু অতিরিক্ত খরচ রয়েছে। ঋণের বিপরীতে শূন্য দশমিক ৫০ শতাংশ হারে নথিপত্র ফি ও ভ্যাট দিতে হবে। এ ছাড়া প্রতি লাখ টাকা ঋণের জন্য ৯০০ টাকা করে ঝুঁকি আচ্ছাদন প্রকল্পের ফি দিতে হবে।
স্ট্যাম্প বাবদ ১০ টাকা মূল্যের ১৬টি রাজস্ব স্ট্যাম্প এবং জামিনদারের জন্য ১০০ টাকা মূল্যের তিনটি আঠাযুক্ত স্ট্যাম্প প্রয়োজন হবে।
বিদেশ থেকে ঋণের টাকা পাঠানোর সুবিধা
প্রবাসীদের ঋণের টাকা পরিশোধ সহজ করতে অগ্রণী ব্যাংক ও সিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা রয়েছে বলে জানিয়েছেন ওয়াহিদা বেগম।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সংযোগ চালুর প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি চালু হলে প্রবাসীরা সরাসরি ব্যাংকের মাধ্যমে ঋণের টাকা পাঠাতে পারবেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





