গুলিবিদ্ধ হাতি লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক, ঢিল ছুড়ে তাড়ালেন গ্রামবাসী
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও পায়ে আঘাতপ্রাপ্ত একটি বন্যহাতি আবারও বন থেকে লোকালয়ে চলে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে ঢুকে পড়ে হাতিটি। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয়দের দুই থেকে তিন ঘণ্টার চেষ্টায় হাতিটিকে ঘর থেকে বের করে বনের কাছাকাছি নেওয়া হয়।
এ সময় বন বিভাগের সদস্যরা উপস্থিত থাকলেও স্থানীয় কয়েকজন হাতিটিকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। আগুন জ্বালিয়েও ভয় দেখিয়ে হাতিটিকে বনের দিকে তাড়ানোর চেষ্টা করা হয়। মানুষের তাড়া খেয়ে আহত হাতিটি খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের কাছাকাছি চলে যায়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, শনিবার সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে গুলিবিদ্ধ ও আহত হাতিটি আবারও চলে আসে। বাড়িতে অবস্থান নেওয়ার পর স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখিয়ে এবং ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে জাহাজপুরা গর্জন বাগান এলাকায় দুটি বন্যহাতিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তখন একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। পরে আহত হাতিটির সন্ধানে বন বিভাগের সদস্যরা বনের ভেতরে তল্লাশি শুরু করেন।
একপর্যায়ে গত ১৮ নভেম্বর হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। সেদিন সকাল থেকে বন বিভাগ ও চিকিৎসক দলের সদস্যরা বনে তল্লাশি চালিয়ে হাতিটির সন্ধান পান। পরে দুপুরের দিকে ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে হাতিটি বনে ফিরে যায়।
তবে শনিবার সকালে হাতিটি আবারও লোকালয়ে চলে আসে। এ সময় পায়ে আঘাতের কারণে ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছিল না সেটি। বন বিভাগ ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চালান।
শনিবার সন্ধ্যায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, হাতিটি তখনো পুরোপুরি বনে প্রবেশ করেনি। ঘুরেফিরে বনের কাছাকাছি অবস্থান করছিল। হাতিটিকে দেখতে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় করেন।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আঘাতপ্রাপ্ত হাতিটি পুনরায় লোকালয়ে চলে আসায় তাঁরা সেটিকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল এবং তখন তাকে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও জানান, হাতিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাতিটি দেখে আতঙ্কিত না হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক
১৪ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





