নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে কেউ এলে প্রতিরোধ করবে বিজিবি
সীমান্ত দিয়ে নাশকতার উদ্দেশ্যে কেউ অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিরোধ করবে বলে জানিয়েছেন বাহিনীর রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
কর্নেল ফয়সল হাসান খান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা আত্মত্যাগের মানসিকতা নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। সীমান্তের নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি জানান, বিশেষ করে মাদকবিরোধী অভিযানে নারকোটিকস ডগের ব্যবহার এবং বিভিন্ন চেকপোস্টের তল্লাশি কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা, বিভিন্ন গুজব ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত রক্ষায় বাহিনীর সদস্যরা সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছেন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। সীমান্তের নিরাপত্তা শুধু বিজিবির একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানান। তাঁর মতে, সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সহায়ক হবে।
দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায়, এসে দেখুক, বিজিবি প্রতিরোধ করবে।’ এ বিষয়ে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।
এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক
১৪ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





