মূল অংশে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ · ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

১৫ বছরে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ · আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
১৫ বছরে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতির শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করে দেওয়া এবং ব্যাপক অর্থপাচারের কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রে ঠেলে দেওয়া হয়।

তিনি বলেন, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

দেশের ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি জানান, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট নিরূপণে ঋণ শ্রেণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন জোরদার করা প্রয়োজন।

সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলন উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্য আরও শক্তিশালী করেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz