মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা: পরীমণিকে আইনি নোটিশ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা: পরীমণিকে আইনি নোটিশ
চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে (শামসুন্নাহার স্মৃতি) নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। এতে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র, ভিডিও কিংবা অন্য কোনো মাধ্যমে অশ্লীল কথাবার্তা, হুমকি, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ও অশালীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সময়ের মধ্যে পরীমণির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও অনুরোধ করা হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটে আদালত প্রাঙ্গণে সাংবাদিকরা তার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ সময় পরীমণি ‘সমকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি তার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে রবিউলের ভিডিও ট্রাইপড ভাঙার অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় ‘জাগো নিউজ’, ‘আগামীর সময়’ ও ‘টাইমস টুডে’র কয়েকজন সাংবাদিক আহত হন। এমনকি সুজন চন্দ্র মণি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথায় আঘাত লেগে রক্তপাতের ঘটনাও ঘটে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আদালত থেকে বের হওয়ার সময় পরীমণি সাংবাদিক রবিউল হোসাইনের দিকে তেড়ে গিয়ে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এমন আচরণ তার পেশাগত মর্যাদার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত ৬ নভেম্বর পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীত ব্যবহার করে একটি অশালীন পোস্ট প্রকাশের অভিযোগও আনা হয়েছে আইনি নোটিশে। এসব ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz