মাকড়সাও কি স্বপ্ন দেখে, চোখের নড়াচড়ায় যে মিল পেলেন বিজ্ঞানীরা
মানুষের মতোই ঘুমের একাধিক পর্যায় পার করে অস্ট্রেলিয়ার বিশেষ প্রজাতির জাম্পিং স্পাইডার বা লাফানো মাকড়সা। ঘুমের সময় তাদের চোখের দ্রুত নড়াচড়া ও পেশির কাঁপুনিতে মানুষের র্যাপিড আই মুভমেন্ট (রেম) ঘুমের বৈশিষ্ট্যের সঙ্গে মিল পেয়েছেন বিজ্ঞানীরা। তবে মাকড়সারা সত্যিই স্বপ্ন দেখে কি না, তা এখনো নিশ্চিত নন গবেষকেরা।
জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী অস্ট্রেলিয়ার ‘পোর্শিয়া ফিমব্রিয়াটা’ প্রজাতির মাকড়সার ঘুম নিয়ে গবেষণা করেন। তাঁদের পর্যবেক্ষণে দেখা গেছে, ঘুমের একটি নির্দিষ্ট পর্যায়ে মাকড়সার চোখ দ্রুত নড়াচড়া করে এবং পেশিতে সূক্ষ্ম কাঁপুনি দেখা যায়। মানুষের রেম ঘুমের সময়ও এ ধরনের বৈশিষ্ট্য দেখা যায়।
গত ২৬ অক্টোবর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ গবেষণাটি প্রকাশিত হয়। নাদিয়া গাইগার, মাক্সিম কিউ কাপেলে, ডানিয়েলা সি রিউসলারসহ আটজন গবেষক এতে অংশ নেন। বিজ্ঞানীদের দাবি, মাকড়সার নিয়ন্ত্রিত ঘুমের অস্তিত্বের পক্ষে এটি প্রথম পূর্ণাঙ্গ পরীক্ষামূলক প্রমাণ।
গবেষণায় ব্যবহৃত ‘পোর্শিয়া ফিমব্রিয়াটা’ প্রজাতির মাকড়সা শিকারকৌশল ও শেখার ক্ষমতার জন্য পরিচিত। অন্য মাকড়সার জালে আটকে পড়া পোকামাকড়ের ছটফটানির মতো কম্পন তৈরি করে শিকারকে বিভ্রান্ত করতে পারে তারা। জাল বোনা মাকড়সাটি কাছে এগিয়ে এলে সেটিকেই আক্রমণ করে শিকার করে পোর্শিয়া।
গবেষকেরা কয়েক দিন ধরে মাকড়সাগুলোর আচরণ পর্যবেক্ষণ করেন। এ জন্য ১২ সেন্টিমিটার ব্যাসের ছোট প্লাস্টিকের পাত্রে তাদের রাখা হয়। উচ্চক্ষমতাসম্পন্ন ভিডিও ও ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে ঘুমের সময় তাদের শরীরের নড়াচড়া ধারণ করা হয়। এতে চোখের দ্রুত নড়াচড়া ও পেশির কাঁপুনির বিষয়টি শনাক্ত হয়।
মাকড়সাগুলো কেবল স্থির হয়ে আছে কি না, সেটিকে ঘুমের প্রমাণ হিসেবে ধরেননি গবেষকেরা। প্রকৃত ঘুমের বৈশিষ্ট্য যাচাই করতে তাদের ওপর শব্দের প্রভাব পরীক্ষা করা হয়। পাশাপাশি ঘুমের ঘাটতি হলে পরবর্তী সময়ে অতিরিক্ত ঘুমানোর প্রবণতা বা ‘স্লিপ রিবাউন্ড’ও পর্যবেক্ষণ করা হয়। এসব পরীক্ষায় দেখা যায়, মাকড়সার বিশ্রাম কেবল সাময়িক নিষ্ক্রিয়তা নয়; বরং এটি জৈবিকভাবে নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া।
মানুষের ঘুমের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো রেম স্লিপ। এ সময় চোখ দ্রুত নড়াচড়া করে এবং মস্তিষ্কের কার্যকলাপে বিশেষ পরিবর্তন দেখা যায়। মানুষের ক্ষেত্রে এই পর্যায়ের সঙ্গে স্বপ্ন দেখার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মাকড়সার মধ্যেও একই ধরনের কিছু আচরণ শনাক্ত হওয়ায় তাদের স্বপ্ন দেখার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, চোখের নড়াচড়া ও পেশির কাঁপুনি দেখেই মাকড়সার স্বপ্ন দেখার বিষয়টি নিশ্চিত করা যায় না। মানুষের মতো তাদেরও স্বপ্নের অভিজ্ঞতা হয় কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন। এ ছাড়া মাকড়সার মস্তিষ্কের কার্যকলাপ সরাসরি পরিমাপ করতে না পারায় তাদের ঘুমের স্নায়বিক প্রক্রিয়া সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞানীদের মতে, এ আবিষ্কার প্রাণিজগতে ঘুমের বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। মেরুদণ্ডী প্রাণী ও মাকড়সার স্নায়ুতন্ত্র আলাদা হলেও তাদের ঘুমের মধ্যে কিছু মিল পাওয়া গেছে। এর অর্থ, ঘুমের জটিল বৈশিষ্ট্য প্রাণীদের বিবর্তনের প্রাথমিক পর্যায় থেকেই থাকতে পারে। আবার ভিন্ন প্রাণীর মধ্যে স্বাধীনভাবেও এ ধরনের বৈশিষ্ট্যের বিবর্তন ঘটতে পারে।
গবেষকেরা এখন মাকড়সার অন্যান্য প্রজাতির ঘুম নিয়েও অনুসন্ধান করছেন। পাশাপাশি বন্য পরিবেশে থাকা মাকড়সার ঘুমের সঙ্গে গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশের ঘুমের তুলনা করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মাকড়সার স্নায়ুতন্ত্রের কার্যকলাপ সরাসরি পর্যবেক্ষণ করে রেম-সদৃশ ঘুমের পেছনের প্রক্রিয়া বোঝার চেষ্টা করবেন তাঁরা।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
২ দিন আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





