বিজয়ের পর প্রথম ভাষণে যা বললেন ইলহান ওমর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন - ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটার ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন সোমালি বংশোদ্ভূত ডেমোক্র্যাট রাজনীতিক ইলহান ওমর। টানা পঞ্চমবার প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম বিজয়ী ভাষণে বিদ্বেষ ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
নির্বাচনের ফল নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ইলহান ওমর বলেন, ‘মিনেসোটা ও পুরো দেশজুড়ে আমরা যে অসাধারণ ফলাফল দেখছি, তা তখনই সম্ভব হয়, যখন আপনি সহমর্মিতা, সাহসিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে নেতৃত্ব দেবেন। যখন আপনি প্রতিবেশীর যত্ন নেবেন এবং নিজের আদর্শ অনুযায়ী ভোট দেবেন।’
রাজনৈতিক প্রতিপক্ষ ও প্রশাসনের ধারাবাহিক আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মিনেসোটাবাসীর ওপর আক্রমণ হলে তারা শুধু রাজপথে প্রতিবেশীদের রক্ষা করেই থেমে থাকেননি, নির্বাচনের দিন ব্যালটের মাধ্যমেও জবাব দিয়েছেন। ভোটের মাধ্যমে তারা স্পষ্ট করে দিয়েছেন, মিনেসোটা এমন জায়গা নয়, যেখানে যা খুশি তা-ই করা যায়।
নিজের ওপর ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণের কথা উল্লেখ করে ইলহান ওমর বলেন, বিরোধীরা ভেবেছিল ভয়ভীতি ও আক্রমণের মাধ্যমে তার সম্প্রদায়কে স্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু সাধারণ মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়ে সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। ওহাইও, মেইন ও টেক্সাসের উদাহরণ টেনে তিনি বলেন, মানুষ কারও রাজনৈতিক খেয়ালের গুটি হতে প্রস্তুত নয়।
ভাষণে মিনেসোটার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার পরিবারকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া এবং নতুন জীবন শুরুর সুযোগ করে দেওয়ার জন্য মিনেসোটাকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘মিনেসোটা কেবল একজন তরুণ শরণার্থীকে আশ্রয়ই দেয়নি, বরং তাকে বেছে নিয়ে দেশের নীতি নির্ধারণের জন্য কংগ্রেসে পাঠিয়েছে।’
বক্তব্যের শেষভাগে রাজনৈতিক প্রতিপক্ষ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবিরের উদ্দেশে বার্তা দেন এই ডেমোক্র্যাট নেতা। কংগ্রেসের নজরদারি কমিটির আসন্ন চেয়ারম্যান রবার্ট গার্সিয়ার একটি মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘হয়রানি ও রাজনৈতিক দমনপীড়নের দিন শেষ। এবার স্বচ্ছতা ও জবাবদিহিতার সময় শুরু হয়েছে।’
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz







