ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, হুঁশিয়ারি আইআরজিসি প্রধানের
হুমকি কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা—কোনো কিছুতেই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি। তিনি বলেছেন, সব ধরনের বাধা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে তেহরান।
ইরানের মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন আইআরজিসি প্রধান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এ খবর প্রকাশ করেছে।
বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের অবদানের কথা স্মরণ করেন ওয়াহিদি।
আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আজও সেই একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং ভূগর্ভে দেশের শক্তি গড়ে তুলছেন।’
তিনি আরও বলেন, ‘শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মুকাদ্দামের দেখানো পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের শক্তিতে এ পথচলা অব্যাহত থাকবে।’
বার্তায় আইআরজিসির সাবেক মহাকাশ ও বিমান বাহিনীর দুই কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির অবদানের কথাও স্মরণ করেন ওয়াহিদি। একই সঙ্গে বাহিনীর সদস্যদের ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
ইরানের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন দেশটির ক্ষেপণাস্ত্র ও সামরিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপ ও উত্তেজনা অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: আলজাজিরা
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





