মূল অংশে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ · ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় শীত-বন্যার দুর্ভোগ ইসরাইলের পরিকল্পিত, তাঁবু-ত্রাণ পৌঁছাতে বাধা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ণ · আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ · ৬ মিনিটে পড়ুন
গাজায় শীত-বন্যার দুর্ভোগ ইসরাইলের পরিকল্পিত, তাঁবু-ত্রাণ পৌঁছাতে বাধা
ছবি : সংগৃহীত

গাজায় শীত ও বন্যায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। তীব্র ঠান্ডা, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু পানিতে ডুবে যাচ্ছে। অনেক আশ্রয়কেন্দ্র ভেঙে পড়ছে। অথচ গাজার বাইরে বিভিন্ন গুদামে প্রায় দেড় লাখ তাঁবু, কম্বল, শীতের পোশাক ও আশ্রয় নির্মাণসামগ্রী মজুত রয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় এসব জরুরি সহায়তা গাজায় প্রবেশ করতে পারছে না।

মানবাধিকারকর্মী ও ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, ত্রাণ প্রবেশে ইসরাইলের বিধিনিষেধের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। তাদের দাবি, শীতকালীন সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা আটকে রাখায় ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ছে।

কয়েক দিন আগে ছয় মাস বয়সী শিশু ইহাব মোহাম্মদ হামাদকে তাঁর মা নিথর অবস্থায় খুঁজে পান। পরিবারের তাঁবুতে বৃষ্টির পানি ঢুকে যাওয়ার পর প্রচণ্ড ঠান্ডায় শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে উষ্ণ রাখতে পরিবারের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ফিলিস্তিনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সামির প্রজেক্ট’-এর কর্মী হালা সাব্বাহ বলেন, শিশুটির মৃত্যুর ঘটনা নিয়ে যথেষ্ট আলোচনা না হওয়ায় তিনি হতাশ। গাজায় শীতের কারণে অস্থায়ী তাঁবুতে থাকা শিশুদের মৃত্যুর ঘটনা এখন প্রায় প্রতিবছরের বাস্তবতায় পরিণত হয়েছে।

গাজার বাইরে গুদামে পড়ে আছে দেড় লাখ তাঁবু

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গাজার বাইরে প্রায় দেড় লাখ তাঁবু সরবরাহের অপেক্ষায় রয়েছে। এগুলো গাজায় প্রবেশের জন্য প্রস্তুত রাখা হলেও অনুমোদনের অভাবে পৌঁছানো যাচ্ছে না।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর গাজা পরিচালক শন জোনস জানান, হাজার হাজার তাঁবু, কম্বল, শীতের পোশাক ও আশ্রয় নির্মাণসামগ্রী বিভিন্ন গুদামে পড়ে রয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় এসব সামগ্রী গাজায় নেওয়া সম্ভব হচ্ছে না। তাঁর অভিযোগ, ত্রাণ প্রবেশের অনুমোদন দিতে পরিকল্পিতভাবে বিলম্ব করা হচ্ছে।

বর্তমানে গাজার প্রায় ৬৫ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি, অস্থায়ী তাঁবু, জরাজীর্ণ আশ্রয়কেন্দ্র কিংবা ধসে পড়ার ঝুঁকিতে থাকা ভবনে বসবাস করছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে এসব আশ্রয়স্থলের অনেকগুলো পানিতে তলিয়ে গেছে।

ইসরাইল দীর্ঘদিন ধরে গাজায় আশ্রয় নির্মাণ ও অবকাঠামো পুনর্গঠনের সামগ্রী প্রবেশে বিধিনিষেধ আরোপ করে আসছে। তাঁবুর খুঁটি ও মোবাইল বাড়ির মতো জরুরি সামগ্রীকেও ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ পণ্য হিসেবে বিবেচনা করে প্রবেশ সীমিত করা হচ্ছে।

এক মাসে ত্রাণবাহী ট্রাকের সংখ্যা কমেছে ব্যাপকভাবে

গাজায় আশ্রয় ও গৃহস্থালি সামগ্রী সরবরাহের পরিস্থিতি সাম্প্রতিক মাসগুলোতে আরও খারাপ হয়েছে। ফিলিস্তিন শেল্টার ক্লাস্টারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে আশ্রয় ও গৃহস্থালি সামগ্রীবাহী ৯০৮টি ট্রাক গাজায় প্রবেশ করেছিল। ২০২৬ সালের জানুয়ারিতে তা কমে দাঁড়ায় ৪০৯টিতে। আর চলতি বছরের অক্টোবর মাসে গাজায় প্রবেশ করা মোট ত্রাণবাহী ট্রাকের মাত্র ৯ শতাংশে আশ্রয়-সংক্রান্ত সামগ্রী ছিল।

গত মে মাসে রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণ প্রবেশ বন্ধ হয়ে যাওয়ার পর কেরেম শালোম সীমান্তপথই গাজায় ত্রাণ প্রবেশের একমাত্র কার্যকর পথ হিসেবে রয়েছে। তবে এ পথে খুব অল্পসংখ্যক ট্রাক প্রবেশ করছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ পণ্য বহনকারী মাত্র ১৫টি ট্রাককে সপ্তাহের এক দিন গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সংস্থাটির আশঙ্কা, এভাবে চলতে থাকলে গাজার বাইরে গুদামে থাকা শীতকালীন সহায়তা পৌঁছাতে সাত মাসেরও বেশি সময় লাগতে পারে।

ফিলিস্তিন শেল্টার ক্লাস্টারের আগস্টের মূল্যায়নে দেখা গেছে, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ৯৪ শতাংশ, আশ্রয়সংকটের গুরুতর, সংকটাপন্ন কিংবা বিপর্যয়কর অবস্থায় রয়েছেন। জরিপের আগের মাসে মাত্র ১০ শতাংশ মানুষ আশ্রয়-সংক্রান্ত সহায়তা পেয়েছিলেন।

এনআরসির ফিলিস্তিনবিষয়ক যোগাযোগ উপদেষ্টা শাইনা লো বলেন, ইসরাইলের বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো প্রয়োজনীয় সহায়তা দিতে পারছে না। তাঁর অভিযোগ, ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাতে বাধা দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমও সীমিত করে দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কার্যক্রমেও বাধা

ইসরাইলের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে গাজায় আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রম আরও সীমিত হয়ে পড়েছে। গত বছরের ডিসেম্বরে এনআরসি, ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) ও অক্সফামসহ ৩৭টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরাইল। পরবর্তী সময়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি হলেও এসব সংস্থার ত্রাণ ও আন্তর্জাতিক কর্মী পাঠানোর কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এ ছাড়া গাজায় আশ্রয় সহায়তার অন্যতম প্রধান প্রতিষ্ঠান ইউএনআরডব্লিউএর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সরাসরি ত্রাণ সরবরাহের সুযোগ কমে গেছে।

বর্তমানে মিসর, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সরকারের পরিচালিত কমিটির মাধ্যমে অধিকাংশ আশ্রয় সহায়তা গাজায় পৌঁছাচ্ছে। এনআরসির কর্মকর্তা শাইনা লো জানান, গাজার ভেতরে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর মজুত প্রায় শেষের দিকে। ফলে স্থানীয় ছোট সংগঠন ও সরকারি কমিটির ওপর নির্ভরতা বাড়ছে।

তাঁবুর দাম বেড়েছে ৫২ শতাংশ

আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন ছোট ছোট স্বেচ্ছাসেবী সংগঠনগুলো স্থানীয় বাজার থেকে তাঁবু কিনে বাস্তুচ্যুত মানুষের মধ্যে বিতরণের চেষ্টা করছে। তবে সরবরাহ সংকটের কারণে বাজারে তাঁবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

ফিলিস্তিন শেল্টার ক্লাস্টারের তথ্য অনুযায়ী, গাজায় একটি তাঁবুর দাম ৫২ শতাংশ বেড়ে ৬৫৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে জরুরি আশ্রয়কেন্দ্র তৈরির কিটের দাম বেড়েছে ১ হাজার ২৩৩ শতাংশ। বর্তমানে এসব কিট কিনতে প্রায় ৪ হাজার ডলার খরচ হচ্ছে।

সামির প্রজেক্টের কর্মী হালা সাব্বাহর অভিযোগ, গাজায় প্রবেশ করা অনেক তাঁবু চুরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। আবার ইসরাইলি কর্তৃপক্ষের অনুমোদিত তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই তাঁবু বিতরণ করা হচ্ছে। এতে সহায়তা বিতরণ ব্যবস্থায় অনিয়ম ও বৈষম্য তৈরি হয়েছে।

এ ছাড়া গাজায় প্রবেশ করা অনেক তাঁবুর মানও নিম্নমানের। পুরোনো ও নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি এসব তাঁবু বৃষ্টি ও ঝড় মোকাবিলায় যথেষ্ট কার্যকর হচ্ছে না।

ফিলিস্তিন শেল্টার ক্লাস্টারের আগস্টের মূল্যায়নে দেখা গেছে, তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনিদের অর্ধেকের বেশি নিম্নমানের কিংবা জরাজীর্ণ তাঁবুতে রয়েছেন। তাঁদের মধ্যে ৫৪ শতাংশ অন্তত এক বছর ধরে একই তাঁবু বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

এনআরসির কর্মকর্তা শাইনা লো বলেন, এসব তাঁবু সাধারণত কয়েক মাস ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়। কিন্তু গাজার প্রতিকূল আবহাওয়ায় সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। পর্যাপ্ত নতুন সামগ্রী না থাকায় মানুষকে দীর্ঘদিন একই জরাজীর্ণ আশ্রয়ে থাকতে হচ্ছে।

তিনি আরও জানান, গাজায় প্রবেশ করা সব তাঁবু বৃষ্টির পানি প্রতিরোধ করতে পারে না। তাই সেগুলো ব্যবহারযোগ্য করতে অতিরিক্ত ত্রিপল সরবরাহের প্রয়োজন হচ্ছে।

গণহত্যার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত শীতের দুর্ভোগ

গাজায় ইসরাইলি হামলায় বিপুলসংখ্যক ভবন ও অবকাঠামো ধ্বংস হওয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে। আগে যেখানে তাঁবু স্থাপনের সুযোগ ছিল, সেসব এলাকার অনেকগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ফরেনসিক আর্কিটেকচারের এক স্থানিক বিশ্লেষণে দেখা গেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বড় একটি অংশকে ক্রমেই উপকূলীয় নিচু এলাকায় আশ্রয় নিতে বাধ্য করা হচ্ছে। অন্যদিকে ইসরাইলের সম্প্রসারিত ‘ইয়েলো লাইন’ আরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ায় তাঁদের চলাচল ও আশ্রয়ের সুযোগ সীমিত হয়ে পড়েছে।

প্রতিষ্ঠানটির যোগাযোগ বিভাগের প্রধান নিকোলা ব্যাংকস বলেন, বৃষ্টিতে যেসব তাঁবু এলাকা প্লাবিত হচ্ছে, তা কোনো আকস্মিক পরিস্থিতির ফল নয়। বরং ফিলিস্তিনিদের এমন নিচু এলাকায় জড়ো করা হয়েছে, যেখানে স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই।

তাঁর মতে, বন্যা ও জলাবদ্ধতার মধ্য দিয়ে গাজার অবকাঠামো ধ্বংস এবং ফিলিস্তিনিদের জীবনধারণের উপকরণ কেড়ে নেওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। চলমান গণহত্যার বাস্তবতা থেকে এসব পরিস্থিতিকে আলাদা করে দেখার সুযোগ নেই।

সামির প্রজেক্টের কর্মী হালা সাব্বাহ জানান, গাজায় কাজ করা তাঁদের সহকর্মীরা টানা তিনটি শীতের দুর্ভোগ সামলাতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। আগের তুলনায় অনেক বেশি কর্মী অসুস্থতার কারণে ছুটিতে যাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, ২০২৬ সালজুড়েই ধীরগতির গণহত্যা চলেছে। তবে গত তিন থেকে চার মাসে এর গতি আরও বেড়েছে। তাঁর মতে, এটিও একটি পরিকল্পিত কৌশলের অংশ।

সাব্বাহর অভিযোগ, আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এড়াতে ইসরাইল একবারে বড় কোনো পদক্ষেপ না নিয়ে ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ করছে। তাঁর ভাষায়, এটি ধীরগতির গণহত্যা, যার গতি এখন আরও বাড়ানো হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz