মূল অংশে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ · আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বড় ধরনের কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের জনপ্রিয় সেবা আউটলুক ও টিমস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এই সার্ভার জটিলতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সরকারি দপ্তর ও করপোরেট প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

মাইক্রোসফট তাদের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, সেবা স্বাভাবিক করার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না। দীর্ঘস্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতার কারণে সার্ভারের সক্ষমতা বাড়াতে বিকল্প কর্মপন্থা ও নতুন রুট খোঁজার চেষ্টা চলছে।

ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে পরিস্থিতি চরমে পৌঁছায়। ওই সময় শুধু যুক্তরাষ্ট্রেই আউটলুক ব্যবহারে সমস্যার বিষয়ে ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। রাত সাড়ে ৯টার দিকেও ২৫ হাজারের বেশি অভিযোগ সক্রিয় ছিল। এ ছাড়া শুক্রবার ভোরে ভারত, অস্ট্রেলিয়া ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশেও মাইক্রোসফটের একাধিক সেবা অচল হওয়ার তথ্য পাওয়া যায়।

মাইক্রোসফটের এক সার্ভিস হেলথ নোটিশে জানানো হয়েছে, মাইক্রোসফট ৩৬৫-এর যেসব ফিচার সরাসরি এক্সচেঞ্জ অনলাইন ও ই-মেইলের ওপর নির্ভরশীল, সেগুলোই মূলত এই বিভ্রাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এক্সচেঞ্জ অনলাইনের বাইরে থাকা অন্যান্য সেবা সচল রয়েছে। এক্সচেঞ্জ অনলাইন হলো প্রতিষ্ঠানটির ক্লাউডভিত্তিক মেসেজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ই-মেইল, ক্যালেন্ডার, যোগাযোগের তথ্য ও দৈনন্দিন কাজের সমন্বয় করা হয়।

এ ঘটনায় সাইবার হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও সাইবার নিরাপত্তামন্ত্রী টনি বার্ক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মাইক্রোসফটের ধারণা অনুযায়ী, এটি কোনো হ্যাকিং বা সাইবার আক্রমণ নয়। বরং ২০২৪ সালে ক্রাউডস্ট্রাইক সফটওয়্যারের আপডেটজনিত ত্রুটির কারণে বিশ্বজুড়ে যে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছিল, বর্তমান সমস্যাটিও অনেকটা সে ধরনের কারিগরি ত্রুটির কারণে সৃষ্টি হয়েছে।

মন্ত্রী আরও জানান, এই বিপর্যয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ই-মেইল ব্যবস্থায়। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ও ফেডারেল পুলিশসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও এই বিভ্রাটের কবলে পড়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ জানিয়েছে, তাদের ব্যবহারকারীরাও এ সমস্যায় ভুগছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংসদীয় প্রকৌশলীরা মাইক্রোসফটের সঙ্গে কাজ করছেন।

এর আগে দিনের শুরুতে মাইক্রোসফট জানিয়েছিল, আকস্মিকভাবে বেশ কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়ায় এ সংকট তৈরি হয়েছে। তবে এর পেছনে অতিরিক্ত ট্রাফিকের কোনো ভূমিকা নেই। সন্ধ্যা ৬টার দিকে প্রতিষ্ঠানটি জানায়, পুনরুদ্ধার করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে এবং ব্যবহারকারীরা পুনরায় সংযুক্ত হতে শুরু করায় ধাপে ধাপে সেবার মান স্বাভাবিক হচ্ছে।

মাইক্রোসফটের এই বিভ্রাটের প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য শীর্ষ প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের মাইক্রোসফট কানেক্টরে ত্রুটি দেখা দেওয়ায় নতুন সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে এবং বিভিন্ন টুল ঠিকমতো কাজ করছে না। আরেক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও জানিয়েছে, আপস্ট্রিম প্রোভাইডারের সমস্যার কারণে তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টর সেবা বিঘ্নিত হচ্ছে।

এ ছাড়া বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপ ১২ নভেম্বর তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের কথা থাকলেও মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের কারণে কার্যক্রম ব্যাহত হওয়ায় তা পিছিয়ে দিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগেও গত মাসে মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। ওই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন সফটওয়্যার ও শিল্প খাতের কার্যক্রম ব্যাহত হয়েছিল।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz