৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতার কারণে প্রায় চার ঘণ্টা উড্ডয়ন বন্ধ থাকার পর স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে আবার আকাশসীমা খুলে দেওয়া হয়।
রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশটির রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দেয়। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে এফএএ উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করে।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেয়। রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। এফএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে।
তবে বিকেলের ঘটনায় সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানান ডাফি। এর প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে সপ্তাহান্তের ফ্লাইটগুলোও পর্যালোচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত পুরোনো বলে মন্তব্য করেন পরিবহনমন্ত্রী। এ ব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবিও জানান তিনি।
এদিকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানান, দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের পেছনে কোনো সাইবার হামলা ছিল না। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।
এর আগে তিনটি সূত্র জানায়, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক রয়েছে। তবে ডাফি বলেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।
বিভ্রাটের কারণে হাজার হাজার ফ্লাইটের চলাচল বন্ধ হয়ে যায় এবং বহু যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তাঁর ফ্লাইট বাতিল হয়েছিল। শুক্রবার দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও ফ্লাইটটি বাতিল হয়।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





