মূল অংশে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেম: সিইও জেনসেন হুয়াংকে বরখাস্তের প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ণ · আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেম: সিইও জেনসেন হুয়াংকে বরখাস্তের প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া
ছবি: সংগৃহীত

কথিত এক চীনা নারী 'গুপ্তচর' এবং নিজের প্রতিষ্ঠানের এক নারী নির্বাহীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর খবর সামনে আসার পর জেনসেন হুয়াংয়কে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বরখাস্তের বিষয়টি বিবেচনা করছে বোর্ড।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেনের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নিতে বুধবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

এ বিষয়ে মন্তব্য জানতে এনভিডিয়ার সঙ্গে যোগাযোগ করেছে এবিসি নিউজ।

এর আগে গত রোববার এনভিডিয়া জানায়, সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গোয়েন্দা তৎপরতার সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করার পরিপ্রেক্ষিতে বোর্ড একটি স্বাধীন তদন্ত শুরু করেছে।

প্রায় দুই সপ্তাহ আগে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক কথিত চীনা গোয়েন্দা এজেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক ডেটা কোম্পানি মেগাস্পিডের শীর্ষ নির্বাহী। ওই প্রতিবেদন প্রকাশের পর কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় জেনসেন ওই সম্পর্কের কথা স্বীকার করে বলেন, তিনি স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না।

এর মধ্যে বুধবার নিউ ইয়র্ক টাইমসের আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়, এনভিডিয়ার অধীনস্থ এক নারী নির্বাহীর সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন।

কোম্পানির অভ্যন্তরীণ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, গত মার্চে এনভিডিয়ার একটি সম্মেলন চলাকালে হোটেলে জেনসেন ও ওই নারী সহকর্মীর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। তবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তারা ভিডিওটি সরাসরি দেখেনি। এবিসি নিউজও ভিডিও বা প্রতিবেদনটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

অন্যদিকে, জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছে চীন সরকার। বেইজিং এসব অভিযোগকে 'ভিত্তিহীন এবং চীনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার' বলে আখ্যা দিয়েছে। এ বিষয়ে অ্যালিস হুয়াং বা তার প্রতিষ্ঠান মেগাস্পিডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

রোববার কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে জেনসেন নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, 'আমার এই আচরণ আমার স্ত্রী ও সন্তানদের আঘাত করেছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত।' তবে চিঠিতে অ্যালিস বা অন্য কারও নাম উল্লেখ করেননি তিনি।

এনভিডিয়ার কর্মী ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে জেনসেন আরও লেখেন, 'আপনাদের আস্থা অর্জন করা আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি এনভিডিয়ার প্রতি সম্পূর্ণ নিবেদিত এবং আপনাদের বিশ্বাস ফিরে পেতে কাজ করে যাব। আমি আমাদের দেশ ও কোম্পানিকে ভালোবাসি। আমেরিকার জাতীয় নিরাপত্তা রক্ষায় আমি প্রতিশ্রুতিবদ্ধ।'

এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস) চায়না সংক্রান্ত বিশেষ কমিটির রিপাবলিকান আইনপ্রণেতারা আগামী ১৮ নভেম্বর একটি রুদ্ধদ্বার শুনানিতে জেনসেনকে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্টও জানিয়েছেন, জেনসেন নির্ধারিত সময়ে সাড়া না দিলে তাকে হাজির করতে সমন জারি করা হতে পারে।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে তিনি জেনসেনের সঙ্গে সরাসরি কথা বলেছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম—তুমি কি জানতে যে সে একজন গুপ্তচর? সে বলেছে, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। আমি তার কথা বিশ্বাস করি।'

রোববার দেওয়া এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, একজন স্বতন্ত্র আইনজীবীর সহায়তায় স্বাধীন পরিচালকদের একটি কমিটি বিষয়টি তদন্ত করছে। জেনসেনও তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। বোর্ড আরও জানায়, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপন তথ্য ফাঁস হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্ভারের জন্য প্রয়োজনীয় চিপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়া বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তথ্য সুত্র: দ্যা ওয়ালস্ট্রিট জার্নাল

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz