ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান
ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে চীন ও পাকিস্তান যৌথভাবে একটি সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি সংস্থা দিগন্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংঘাতের সময় দুই দেশের মহাকাশভিত্তিক সহযোগিতা আরও জোরদার হয়।
প্রতিবেদন অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত এলাকাগুলো পর্যবেক্ষণে চীনা স্যাটেলাইটের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। বিশেষ করে চীনের উচ্চ রেজল্যুশনসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘ইয়াওগান-৪১’ ভারতীয় উপমহাদেশের ওপর নিরবচ্ছিন্ন নজরদারি চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ৮৮ ঘণ্টার সামরিক সংঘাত চলাকালে স্যাটেলাইটটি ভারতের বিমানঘাঁটিগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করেছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ভারতের ভূখণ্ডের কোনো অংশ যেন নজরদারির বাইরে না থাকে, সে লক্ষ্যেই চীন ও পাকিস্তান পরস্পরের পরিপূরক হিসেবে মহাকাশ নজরদারি নেটওয়ার্ক তৈরি করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর অংশ হিসেবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে পাকিস্তান মহাকাশে ছয়টি স্যাটেলাইট স্থাপন করেছে। এর মধ্যে পাঁচটি—পিআরএসসি-ইও১, পিআরএসএস-২, এইচএস-১, পিআরএসসি-ইও২ ও পিআরএসসি-ইও৩—চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে চীনা রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে। এসব স্যাটেলাইট ভারতীয় ভূখণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি চীনের স্যাটেলাইট নেটওয়ার্কের পরিপূরক হিসেবে কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও পাকিস্তানের স্যাটেলাইটগুলোর সম্মিলিত সক্ষমতা ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্ত স্থাপনা, বিমানঘাঁটি, নৌ-স্থাপনা এবং কৌশলগত সম্পদ সম্পর্কে আরও বিস্তৃত ও নিরবচ্ছিন্ন তথ্য সংগ্রহে সহায়তা করছে। পাকিস্তানের জন্য চীনের উৎক্ষেপণ করা পাঁচটি স্যাটেলাইট দেশটির গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসন্ধান সক্ষমতা বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, মহাকাশে চীনের ক্রমবর্ধমান সক্ষমতার সঙ্গে তাল মেলাতে ভারতকেও নিজস্ব মহাকাশ কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।
দিগন্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ কার্যক্রম ২০২৫ সালের অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকে পিআরএসসি-ইও১, পাকস্যাট-এমএম১, আইকিউব-কিউ, পিআরএসএস-১ ও পাকটেস-১এ-সহ বিভিন্ন স্যাটেলাইট এমন কক্ষপথে স্থাপন করা হয়েছে, যা চীনের বিদ্যমান স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে ভারতীয় ভূখণ্ডের ওপর নজরদারি চালানো হচ্ছে।
নেটওয়ার্কটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে একটি স্যাটেলাইট কোনো নির্দিষ্ট অঞ্চলের সীমার বাইরে চলে গেলে অন্য একটি স্যাটেলাইট সেই অঞ্চলের ওপর নজরদারি শুরু করতে পারে। ফলে ওই এলাকার ওপর সার্বক্ষণিক পর্যবেক্ষণ বজায় রাখা সম্ভব হয়। পাকিস্তানি স্যাটেলাইটগুলো বিস্তৃত চীনা নেটওয়ার্কের ফাঁক পূরণ করে বিভিন্ন কোণ, দূরত্ব ও স্পষ্টতায় নির্দিষ্ট অঞ্চল পর্যবেক্ষণে সহায়তা করছে।
২০১৮ সালের জুলাইয়ে পাকটেস-১এ-এর সঙ্গে পাকিস্তানের পৃথিবী-পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘পিআরএসএস-১’ উৎক্ষেপণ করা হয়। এতে প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল—দুই ধরনের ইমেজিং ব্যবস্থা রয়েছে। প্যানক্রোম্যাটিক ছবিতে উপযুক্ত পরিস্থিতিতে প্রায় এক মিটার আকারের বস্তু আলাদাভাবে শনাক্ত করা যায়। অন্যদিকে, মাল্টিস্পেকট্রাল ছবির মাধ্যমে বিভিন্ন তড়িৎচৌম্বকীয় তরঙ্গ থেকে তথ্য সংগ্রহ করে উদ্ভিদ, ভূমির ব্যবহার ও জলাশয় শনাক্ত করা সম্ভব।
পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকোর তথ্যমতে, পিআরএসএস-১ বিশ্বের যেকোনো স্থানের ছবি চার দিন পরপর তুলতে সক্ষম। এতে ভূপৃষ্ঠের পরিবর্তন পর্যবেক্ষণ করা যায়। স্যাটেলাইটটির তথ্য গ্রহণের জন্য ইসলামাবাদ ও করাচিতে গ্রাউন্ড স্টেশন রয়েছে।
অন্যদিকে, চীনের সহায়তায় নির্মিত যোগাযোগ স্যাটেলাইট ‘পাকস্যাট-এমএম১’ ২০২৪ সালে উৎক্ষেপণ করা হয়। এটি পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার পাশাপাশি সি-ব্যান্ড, কেইউ-ব্যান্ড, কেইএ-ব্যান্ড এবং অবস্থান নির্ণয় ও নেভিগেশনের নির্ভুলতা বাড়াতে এল-ব্যান্ড পেলোড বহন করে। নতুন রিমোট সেন্সিং কর্মসূচির অংশ হিসেবে পিআরএসসি-ইও১ অপটিক্যাল সেন্সরের মাধ্যমে ভূপৃষ্ঠের ছবি সংগ্রহ করে।
এসব স্যাটেলাইট চীনের প্রযুক্তিগত ও উৎক্ষেপণ সহায়তা পেয়েছে। ২০২২ সালে পাকিস্তানের সুপারকো ও চীনের চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন দীর্ঘমেয়াদে চীনা রকেট ও কারিগরি সহায়তায় একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের চুক্তি স্বাক্ষর করে।
মহাকাশভিত্তিক নজরদারির পাশাপাশি এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম প্রজেক্টে (অ্যাপোসস) পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পৃক্ততাকেও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে দিগন্তর। এশিয়া-প্যাসিফিক স্পেস কোঅপারেশন অর্গানাইজেশনের অধীনে পরিচালিত এ প্রকল্পের পরিচালনা ও তথ্য ব্যবস্থাপনায় চীন কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এর মাধ্যমে ভূমিভিত্তিক অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশে থাকা স্যাটেলাইটসহ বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ ও অনুসরণ করা হয়।
অ্যাপোসসের প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি পাকিস্তানে স্থাপন করা হয়েছে। অন্য দুটি রয়েছে পেরু ও ইরানে। প্রতিটি কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে। এসব কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়।
প্রকল্পটির সদস্য হওয়ার পাশাপাশি একটি পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজক দেশ হওয়ায় পাকিস্তান বিশ্বের বিভিন্ন প্রান্তের মহাকাশ পর্যবেক্ষণ তথ্যে প্রবেশাধিকারের সুবিধা পাচ্ছে। এসব তথ্য কক্ষপথে থাকা ভারতের মহাকাশ সম্পদসহ বিভিন্ন স্যাটেলাইট অনুসরণে ব্যবহার করা সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





