দেশে প্রজনন হারে শীর্ষে ভোলা, কম বাগেরহাটে: জরিপ
বাংলাদেশে জেলাভিত্তিক মোট প্রজনন হারে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ জরিপ অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়, ৩ দশমিক ৫০। অন্যদিকে খুলনার বাগেরহাটে এ হার সবচেয়ে কম, ১ দশমিক ৫০। এ ছাড়া বাল্যবিবাহের হারে দেশের সব জেলাকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে জয়পুরহাট।
বিবিএস ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিএস আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করে। দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করে এবং জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তথ্যের ভিত্তিতে এ ফলাফল নির্ধারণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। ভোলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার ঢাকা বিভাগের মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এ ছাড়া নোয়াখালীতে ৩ দশমিক ০০; লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।
অন্যদিকে বাগেরহাটের পর সবচেয়ে কম প্রজনন হার যশোর, রাজবাড়ী ও নওগাঁ জেলায়, ১ দশমিক ৭০। কুষ্টিয়া ও মানিকগঞ্জে এ হার ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে ১ দশমিক ৯০।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে খুলনায় প্রজনন হার সবচেয়ে কম, ২ দশমিক ০০। বরিশাল বিভাগে সর্বোচ্চ ২ দশমিক ৬০। এ ছাড়া চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ২ দশমিক ২০।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন দেশে মোট প্রজনন হার ২ দশমিক ৩-এ স্থিতিশীল থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ২ দশমিক ৪ হয়েছে। একই সময়ে গর্ভনিরোধক ব্যবহারের হার ৪ শতাংশ কমেছে এবং পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা ক্রমাগত বাড়ছে। গর্ভনিরোধক ব্যবহারের হার কমার পাশাপাশি প্রজনন হার ও পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা বাড়তে থাকাকে তিনি উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ২০২৫-২০৩০ মেয়াদের পরিবার পরিকল্পনা কৌশল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগ, গর্ভনিরোধক সরবরাহ নিশ্চিত করা এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। যেসব জেলায় প্রজনন হার বেশি, সেসব জেলায় বিশেষ ব্যবস্থা নিতে হবে। পরিবার পরিকল্পনায় সুনির্দিষ্ট পরিমাণগত লক্ষ্য নির্ধারণ ও কার্যকর বাস্তবায়ন ছাড়া প্রজনন হার নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।
বিবিএসের প্রতিবেদনে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহের ক্ষেত্রেও জেলাগুলোর মধ্যে বড় ধরনের বৈষম্য উঠে এসেছে। গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতির দিক থেকে পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা পিছিয়ে রয়েছে।
শিশু সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বাল্যবিবাহ। দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।
জেলাভিত্তিক হিসাবে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ জেলাটির প্রতি চারজন নারীর মধ্যে প্রায় তিনজনেরই ১৮ বছরের আগে বিয়ে হয়েছে। এরপর রয়েছে চুয়াডাঙ্গা (৬৭ দশমিক ৯ শতাংশ), ভোলা (৬৫ শতাংশ), সিরাজগঞ্জ (৬৩ দশমিক ১ শতাংশ), কুষ্টিয়া (৬২ দশমিক ৯ শতাংশ), যশোর (৬২ দশমিক ৩ শতাংশ), টাঙ্গাইল (৬১ দশমিক ১ শতাংশ), মাগুরা (৬১ দশমিক ০৯ শতাংশ), বগুড়া (৫৫ দশমিক ১৮ শতাংশ) এবং পাবনা (৫২ দশমিক ৫৫ শতাংশ)।
অন্যদিকে বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেট জেলায়, মাত্র ১২ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ২৪ দশমিক ৪ শতাংশ, হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ এবং চট্টগ্রাম জেলায় এ হার ২৯ শতাংশ।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি তদন্ত কমিটি
২৯ মিনিট আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





