মূল অংশে যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ · ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

ঝড়-বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিদ্যুৎহীন ১০ লাখ গ্রাহক, ৪০০ ফ্লাইট বাতিল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ণ · আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ঝড়-বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিদ্যুৎহীন ১০ লাখ গ্রাহক, ৪০০ ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ঝড়, ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্লাবিত হয়েছে সড়ক, ব্যাহত হচ্ছে বিমান চলাচল। কোথাও কোথাও বিপজ্জনক হারে তুষারপাতও হচ্ছে।

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে বৃহস্পতিবার থেকে ৪৪০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট। ঝড় ও উপকূলীয় বন্যার আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির কারণে নিউ ইয়র্ক শহরে শনিবার পর্যন্ত থ্যাংকসগিভিং দিবসের প্যারেড বাতিল করা হয়েছে। গত ১০০ বছরে এই প্রথম বাতিল হলো ঐতিহ্যবাহী এ প্যারেড। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ঘণ্টায় ১১২ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে।

ভারী বৃষ্টিতে উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ওয়াশিংটন ও নিউ ইয়র্ক সিটির প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট ৪৪০টি ফ্লাইট বাতিল এবং ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

অন্যদিকে, ৯ লাখ ৬১ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মধ্যে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে, পেনসিলভেনিয়ায় ২ লাখ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে ১ লাখ ৮০ হাজারের বেশি, মেরিল্যান্ডে ১ লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লাখ ৩২ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।

উত্তর ক্যারোলিনা থেকে নিউ জার্সি পর্যন্ত উপকূলীয় অঞ্চলে ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বসতবাড়ির এলাকায় এক ফুট বা তার বেশি পানি জমেছে। প্লাবিত হয়েছে অধিকাংশ সড়ক। নিউ জার্সি ও নিউ ইয়র্কের বড় একটি অংশে সতর্কতা জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর।

ঝড়ের মধ্যে অনেক গাড়ি আটকে পড়েছিল। বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন জরুরি পরিষেবা কর্মীরা।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz