মূল অংশে যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ · ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহুর ক্ষমতা কি এবার সত্যিই শেষের পথে?

আলজাজিরার কলাম

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ · আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ · ৬ মিনিটে পড়ুন
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার সত্যিই শেষের পথে?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ৩০ বছরেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করছেন লেখক আকিভা এলদার। তাঁর মতে, নেতানিয়াহু আগেও রাজনৈতিক সংকটে পড়েছেন, তবে এবারকার মতো কোণঠাসা পরিস্থিতিতে তাঁকে আগে কখনো দেখা যায়নি।

ইসরায়েলের নির্বাচনের ফল নেতানিয়াহুর জন্য কঠিন বার্তা নিয়ে এসেছে। তাঁর জোট পেয়েছে ৫৩টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে আটটি কম। অন্যদিকে, নতুন নেসেটের (ইসরায়েলি সংসদ) ৬৭ জন সদস্য সাবেক সেনাপ্রধান ও ‘ইয়াসার’ পার্টির নেতা গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করেছেন।

আইজেনকোটের হাতে সরকার গঠনের জন্য সর্বোচ্চ ৪২ দিন সময় রয়েছে। লেখকের মতে, নেতানিয়াহুর রাজনৈতিক জীবনে এই সময়টিই হতে পারে সবচেয়ে দীর্ঘ।

এর পেছনে রাজনৈতিক হিসাবের পাশাপাশি ব্যক্তিগত কারণও রয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। সম্ভাব্য কারাদণ্ডের মুখেও রয়েছেন তিনি। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে তাঁর ক্ষমার আবেদনও কয়েক মাস ধরে পড়ে আছে।

আইজেনকোটের জোট ইতোমধ্যে ৭ অক্টোবরের হামলার জন্য রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা নির্ধারণের বিল উপস্থাপন করেছে।

লেখকের মতে, রাষ্ট্রীয় তদন্ত হলে নেতানিয়াহুর ‘ইসরায়েলের রক্ষক’ পরিচয় প্রশ্নের মুখে পড়তে পারে। তাঁর কাছে প্রধানমন্ত্রীর পদ কেবল একটি চাকরি নয়, বরং রাজনৈতিক টিকে থাকার উপায়।

২০২০ সালের মে থেকে শুরু হওয়া নেতানিয়াহুর বিচারপ্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। লেখকের দাবি, ক্ষমতায় থাকা অবস্থায় তিনি বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করতে এবং বিচারব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে পারেন। কিন্তু ক্ষমতার বাইরে গেলে তাঁকে সাধারণ আসামির মতোই বিচারের মুখোমুখি হতে হবে।

এ পরিস্থিতিতে সরকার গঠনের চেয়ে প্রতিদ্বন্দ্বীদের সরকার গঠন ঠেকানোই নেতানিয়াহুর প্রধান লক্ষ্য বলে মনে করছেন লেখক। এ জন্য তিনি তিনটি কৌশল নিচ্ছেন।

‘জাতীয় ঐক্যের সরকার’

নেতানিয়াহুর প্রথম কৌশল হলো ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের প্রস্তাব। এতে ইসরায়েলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে সমর্থনকারী দলগুলোকে রাখার কথা বলা হয়েছে। তবে জনসংখ্যার প্রায় ২১ শতাংশের প্রতিনিধিত্বকারী আরব দলগুলোকে এই প্রস্তাবের বাইরে রাখা হয়েছে।

অন্যদিকে, ইতামার বেন-গভির, বেজালেল স্মোট্রিচ এবং সায়নবাদবিরোধী হারেদি দলগুলোকে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। লেখকের ভাষায়, এটি নেতানিয়াহুর নিজস্ব ধরনের ‘ঐক্য’।

ইরানের পারমাণবিক হুমকির কথা তুলে ধরে তিনি এই প্রস্তাব দিয়েছেন। তবে শর্ত হলো, তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন না এবং ক্ষমতার পালাবদলেও রাজি হবেন না।

আইজেনকোট এই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল বা ‘স্পিন’ হিসেবে দেখলেও লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। কারণ, আলোচনা প্রত্যাখ্যান করলে নেতানিয়াহুর শিবির প্রচার করতে পারে যে, তারা আরব দলগুলোর সঙ্গে কথা বলতে প্রস্তুত, কিন্তু ইহুদি দেশপ্রেমিকদের সঙ্গে নয়।

তবে আইজেনকোটের জন্য বড় চ্যালেঞ্জ হলো, প্রেসিডেন্টের দেওয়া ৪২ দিনের সময় যেন আলোচনার নামে শেষ হয়ে না যায়।

উসকানির কৌশল

নেতানিয়াহুর দ্বিতীয় কৌশল হলো রাজনৈতিক উসকানি। নেসেটের উদ্বোধনী অধিবেশনে তিনি রা’আম ও যৌথ তালিকা দলগুলোকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ এবং ‘ইসরায়েলবিদ্বেষী’ বলে আখ্যা দেন। তিনি ঘোষণা করেন, এসব দলের ওপর নির্ভর করে কোনো সরকার গঠন করা যাবে না।

লেখকের মতে, এর উদ্দেশ্য হলো আরব দলগুলোর সমর্থনে গঠিত হতে পারে এমন সরকারকে শুরুতেই দুর্বল করা। পাশাপাশি নেতানিয়াহুর জোটে থাকা হারেদি দলগুলো যেন বিরোধী শিবিরে যোগ না দেয়, সে জন্য তাদের ভয় দেখানো।

তবে এই কৌশলের মধ্যেও অসংগতি রয়েছে বলে মনে করেন লেখক। রা’আম দলের নেতা মনসুর আব্বাস জানিয়েছেন, নেতানিয়াহুর ঘনিষ্ঠ নাতান এশেল তাঁর কাছে গিয়েছিলেন। বিচার চলমান কোনো রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হওয়া থেকে বিরত রাখার একটি বিলে সমর্থন পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

এ ছাড়া যৌথ তালিকার সংসদ সদস্য আহমেদ তিবি সরাসরি সম্প্রচারে হোয়াটসঅ্যাপের কিছু বার্তা দেখান। তাঁর দাবি, বার্তাগুলো নাতান এশেলের পাঠানো।

লেখকের মতে, এসব ঘটনা দেখায় যে নেতানিয়াহু প্রকাশ্যে আরব দলগুলোর বিরোধিতা করলেও গোপনে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা

নেতানিয়াহুর তৃতীয় কৌশল হলো উত্তেজনা বাড়ানো। গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন যেন ইরানে আবারও হামলা চালানো হয়।

পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে জরুরি সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক একটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। তাঁর মতে, কোনো সুনির্দিষ্ট উসকানি ইরানকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করতে পারে। এর ফলে যুদ্ধ শুরু হলে নতুন সরকার গঠন বাধাগ্রস্ত হতে পারে।

লেবানন, গাজা বা পশ্চিম তীরও এ ধরনের উত্তেজনা তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে বলে লেখায় উল্লেখ করা হয়েছে।

তবে এই কৌশলের সীমাবদ্ধতাও রয়েছে। সাবেক সেনাপ্রধান হিসেবে আইজেনকোটের সেনাবাহিনীতে যোগাযোগ রয়েছে। লেখকের ধারণা, এসব সূত্র তাঁকে জানাতে পারে যে ইরানের সঙ্গে এখনই নতুন যুদ্ধের প্রয়োজন নেই। অন্যদিকে, ট্রাম্পও যুদ্ধের সমাপ্তি চান বলে ইঙ্গিত দিয়েছেন।

এই তিন কৌশল ব্যর্থ হলে নেতানিয়াহুর সামনে আরেকটি বিকল্প থাকবে—আগামী বসন্তে নতুন নির্বাচন। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ক্ষমতায় টিকে থাকতে তিনি পাঁচবার নির্বাচনের মুখে ইসরায়েলকে ঠেলে দিয়েছিলেন।

আইজেনকোটের সামনে তিন পথ

আইজেনকোটের নিজেরও রাজনৈতিক সংকট রয়েছে। নির্বাচনী প্রচারে তিনি তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন—নেতানিয়াহু নয়, কোনো হারেদি দল নয় এবং কোনো আরব দল নয়। কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে এই তিনটি শর্ত একসঙ্গে পূরণ করা কঠিন।

লেখকের মতে, আইজেনকোটের সামনে তিনটি সম্ভাব্য পথ রয়েছে।

প্রথম পথ: হারেদি দলগুলোর সঙ্গে জোট

আইজেনকোটের জোটের আসন ৪৮টি। শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) যোগ দিলে আরও ১৩টি আসন বাড়বে। এতে ১২০ আসনের নেসেটে ৬১টি আসন পূর্ণ হবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।

তবে হারেদি দলগুলো সামরিক সেবা থেকে অব্যাহতি চায়। ইউটিজে’র রাব্বিরা জোটের ৪৮ সদস্যের কাছ থেকে এ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি চাইছেন। অন্যদিকে, সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়ে পিছু হটতে চান না আইজেনকোট।

দ্বিতীয় পথ: সংখ্যালঘু সরকার

আরব দলগুলোর বাইরে থেকে সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করতে পারেন আইজেনকোট। তাঁর জোটের কিছু নেতা এতে রাজি বলে জানা গেছে।

তবে নাফতালি বেনেট এ প্রস্তাবের বিরোধিতা করছেন বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় বাধা ইসরায়েল বেইতেনু নেতা অ্যাভিগডর লিবারম্যান। তিনি আরব দল, সংখ্যালঘু সরকার এবং নতুন নির্বাচন—সবকিছুরই বিরোধিতা করেছেন।

তৃতীয় পথ: নেতানিয়াহুকে ছাড়া লিকুদের সঙ্গে জোট

লিকুদ পার্টির সঙ্গে নেতানিয়াহুকে বাদ দিয়ে অথবা তাঁকে কোনো কূটনৈতিক পদে রেখে সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে।

কিন্তু এখন পর্যন্ত লিকুদের কোনো সংসদ সদস্য নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নেননি। লেখকের মতে, এ ধরনের সরকারে নেতানিয়াহু জুনিয়র অংশীদার হলেও তাঁর রাজনৈতিক প্রভাব থেকে যাবে। তিনি মন্ত্রিসভার ভেতর থেকেই তদন্ত কমিশন ও মেয়াদের সীমা নির্ধারণের বিল আটকে দিতে পারেন এবং সুবিধাজনক সময়ে সরকার ফেলে দিতে পারেন।

২০২০ সালে নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেও বেনি গ্যান্টজ প্রধানমন্ত্রীর পদে বসতে পারেননি—লেখক সেই উদাহরণও টেনেছেন।

শেষ খেলা

লেখকের বিশ্লেষণে, নেতানিয়াহু ও আইজেনকোটের লড়াইটি যেন মুখোমুখি গাড়ি চালিয়ে কে আগে সরে দাঁড়ায়, তা দেখার প্রতিযোগিতা।

নেতানিয়াহু মনে করছেন, আইজেনকোটের সহযোগীরা সামরিক নিয়োগ, আরব দল ও মন্ত্রিত্ব নিয়ে মতবিরোধে জড়িয়ে নির্ধারিত সময় শেষ করে ফেলবেন। এতে ২০১৯ সালের পর আবারও নতুন নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেই নির্বাচনে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

অন্যদিকে, আইজেনকোটের সবচেয়ে বড় সুযোগ হলো ৪২ দিনের সময় শেষ হওয়ার আগেই সরকার গঠন করা।

লেখকের মতে, আইজেনকোটের শিবির ইতোমধ্যে নেসেট ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে সরকারি ভবনগুলো হাতছাড়া হওয়া ঠেকাতে নেতানিয়াহুর শিবির সব ধরনের চেষ্টা চালাবে। রাজপথের আন্দোলন ও রাজনৈতিক লড়াই ছাড়া তারা সহজে ক্ষমতা ছাড়বে না।

১৯৯৫ সালের নভেম্বরে ইসরায়েলে রাজনৈতিক উসকানি ও উত্তেজনা প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেষ হয়েছিল। এর পর ডানপন্থিদের ক্ষমতায় ফেরার পথ তৈরি হয়, যার নেতৃত্বে ছিলেন তরুণ ও প্রভাবশালী নেতানিয়াহু।

লেখকের শেষ প্রশ্ন—২০২৬ সালের নভেম্বর কি নেতানিয়াহু যুগের অবসান ঘটাবে? নাকি ইসরায়েলের রাজনীতিতে আবারও নতুন সংকটের সূচনা হবে?

লেখক পরিচিতি: আকিভা এলদার একজন ইসরায়েলি লেখক। তিনি আগে ‘হারেৎস’ পত্রিকার সম্পাদকীয় লেখক ও কলামিস্ট ছিলেন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz