ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি
ভারতের ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি
ভারতের ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাসের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি করা হয়েছে। এ কারণে তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে উঠতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে এ তথ্য জানানো হয়।
লুক আউট সার্কুলার হলো কোনো ব্যক্তির বিদেশযাত্রা ঠেকানো অথবা তাঁর যাতায়াতের তথ্য নজরদারিতে রাখার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো সতর্কতামূলক নির্দেশ বা অনুরোধ।
দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত মহাজনের এজলাসে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, ২৩ নভেম্বর মুম্বাই পুলিশ সৌরভের বিরুদ্ধে এ সার্কুলার জারি করে। ওই দিন রাত ১টার ফ্লাইটে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
বিদেশযাত্রা বাধাগ্রস্ত হওয়ায় ক্ষুব্ধ সৌরভ বুধবার দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাঁর বিদেশযাত্রায় বাধা দিচ্ছে। বৃহস্পতিবার মামলাটির শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লুক আউট সার্কুলার জারির বিষয়টি জানানো হয়।
মামলার পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর। সেদিন আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাঁদের নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমিত মহাজন।
এর আগে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সৌরভকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়টি তোলা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, সৌরভের পাসপোর্টে অসংগতি পাওয়া গেছে। এতে তাঁর জন্মস্থানের উল্লেখ ছিল না।
বৃহস্পতিবার আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা বলেন, সৌরভের পাসপোর্টে বেশ কিছু অসংগতি রয়েছে। পদুচেরির পুলিশ সুপারের ২০ আগস্টের তদন্ত প্রতিবেদনের উল্লেখ করে তিনি জানান, সৌরভের স্কুলজীবন, বসবাসের ঠিকানা ও বাবার পরিচয়সংক্রান্ত নথিতে অসংগতি পাওয়া গেছে। পাসপোর্টে বাবার নামের ঘরটি ফাঁকা ছিল। কোনো নথিতে পদুচেরি, আবার কোনো নথিতে দিল্লির ঠিকানা উল্লেখ করা হয়েছে। এসব অসংগতির কারণে তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে জানান তিনি।
সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে সৌরভকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এর চার মিনিট পর জারি করা হয় একটি ‘ট্রাভেল অ্যাডভাইজারি’। পাসপোর্টের নথিতে অসংগতির বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাঁকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, সৌরভের পাসপোর্ট বাতিল করা হয়নি; শুধু এসব অসংগতির কারণে তাঁকে বিদেশে যেতে নিষেধ করা হয়েছে।
সৌরভের আইনজীবী অখিল সিবাল সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, তাঁর মক্কেলকে আগে কোনো নোটিশ দেওয়া হয়নি কিংবা বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়টিও জানানো হয়নি। বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা হয়েছে। তখনই তিনি কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে পারেন।
অখিল সিবাল প্রশ্ন তোলেন, কারও বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হলে তাঁকে তা জানানো উচিত কি না এবং একজন নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণ করা যায় কি না।
সৌরভের আইনজীবী সার্কুলারের প্রতিলিপি চাইলে সরকার পক্ষ জানায়, তা দেওয়া সম্ভব নয়। তবে সার্কুলার জারির বৈধতা আলাদাভাবে আইনি পথে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে জানানো হয়।
বিমানবন্দরে বাধা পাওয়ার পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ সৌরভ অভিযোগ করেন, বিজেপি-ঘনিষ্ঠ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম তাঁর পাসপোর্টের তথ্য ফাঁস করেছে। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে প্রকাশ করা আইনত বৈধ কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
তিনি আরও অভিযোগ করেন, বিজেপির সমর্থকেরা প্রথমে তাঁর দিল্লির বাসার ঠিকানা প্রকাশ করেন। পরে কিছু ইউটিউবার তাঁর বাড়িতে গিয়ে অনুপস্থিতিতে জোর করে প্রবেশ করেন এবং তাঁর পরিবার নিয়ে ভিত্তিহীন গল্প ছড়ান। তাঁর বিকৃত ছবিও প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সৌরভ বলেন, তিনি এসব ঘটনার হিসাব রাখছেন। সরকার পরিবর্তনশীল এবং কোনো সরকারই চিরস্থায়ী নয়। সময় এলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দিপও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকারের দপ্তর থেকে সৌরভের পাসপোর্টের নথি ফাঁস হয়ে বিজেপি সমর্থকদের হাতে হাতে ঘুরছে। তাঁর ভাষ্য, একজন নাগরিকের পাসপোর্টের তথ্য সবার কাছে পৌঁছে গেলেও প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার তথ্য পাওয়া যায় না—এটি এক অদ্ভুত পরিস্থিতি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





