মূল অংশে যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬ · ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

অলটাইমনিউজ ডেস্ক প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ · আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ · ১ মিনিটে পড়ুন
তুরস্কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

তুরস্কে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। রোববার (০১ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আনতালিয়া শহরের কাছে মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটেছে। এলাকাটিতে একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে গেলে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনতালিয়া প্রদেশের গভর্নর হুলুসি শাহিন।

ডিএইচএ বার্তা সংস্থা জানিয়েছে, আনতালিয়া থেকে ইসপার্তা যাওয়ার মহাসড়কের বুরদুর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।

গভর্নর শাহিন জানান, বাসটিতে মোট ৩৪ যাত্রী ছিলেন। তারা তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার দিকে যাচ্ছিলেন। তবে নিহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

তিনি বলেন, এটি এমন একটি সংযোগস্থল যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু ধারণা করা হচ্ছে, বাসটি উচ্চগতিতে সেখানে প্রবেশ করেছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল হয়ে পড়েছিল।

উল্লেখ্য, আনতালিয়া উপকূলীয় অঞ্চলটি তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এ অঞ্চলে প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণ করেন।