মূল অংশে যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ · ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দর ২ হাজার ৬০

সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের মধ্যেই বাড়ল এলপিজির মূল্য। রাজধানীর বিভিন্ন স্থানে অক্টোবরে নির্ধারিত দরেও গ্যাস পাওয়া যাচ্ছিল না।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ · আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ · ১ মিনিটে পড়ুন
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দর ২ হাজার ৬০
প্রতীকী ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন করে প্রতি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। ঘোষিত নতুন দর একই দিন রাত ৮টার পর থেকে কার্যকর হবে।

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ

বিইআরসি নির্ধারিত দামে বাজারে এলপিজি পাওয়া নিয়ে আগেও অভিযোগ ছিল। গত অক্টোবরে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে ওই মাসেও রাজধানীর বিভিন্ন স্থানে প্রতি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হওয়ার তথ্য পাওয়া যায়।

নতুন মূল্য নির্ধারণের পরও বাজারে এলপিজি বিক্রির ক্ষেত্রে সরকারি দর অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে ভোক্তাদের উদ্বেগ রয়েছে।