শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ৪০, কেউই শ্রমিক নন: ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিদের কেউই শ্রমিক নন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ও আশুলিয়ার নরসিংহপুরে হামিম গ্রুপসহ বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, আন্দোলনের নামে কোনো বহিরাগত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে প্রকৃত শ্রমিকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বোরখা পরিহিত ও হেলমেটধারী একটি গোষ্ঠী শ্রমিকদের উসকানি দিচ্ছে। কারা তাদের অর্থের জোগান দিচ্ছে, সে বিষয়েও পুলিশের কাছে তথ্য রয়েছে।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা স্বাভাবিক পরিবেশে কাজ করছেন। তবে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)





