পুলিশে বড় রদবদল, এসআরবির ডিজি ফারুক আহমেদ
শিল্প পুলিশের প্রধান ইসরাইল হাওলাদার, একাধিক পদে নতুন দায়িত্ব
পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করেছে সরকার। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। অন্যদিকে, শিল্প পুলিশের প্রধানের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
যেসব পদে রদবদল
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে দেওয়া হয়েছে এসআরবির মহাপরিচালকের দায়িত্ব।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। এ ছাড়া শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।
রাজশাহী ও গাজীপুরেও নতুন দায়িত্ব
রদবদলের অংশ হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এসব পরিবর্তনের মাধ্যমে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও প্রশাসনিক পদে নতুন দায়িত্ব বণ্টন করা হলো।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)





