মূল অংশে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি তদন্ত কমিটি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ · আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। আগুন লাগার সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ চিহ্নিত করে সেগুলো আরও তদন্তের সুপারিশ করেছে কমিটি।

এক দফা সময় বাড়ানোর পর বুধবার (২৫ নভেম্বর) সকালে ১৫ থেকে ২০ পৃষ্ঠার সিলগালা করা তদন্ত প্রতিবেদনটি ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। বেলা ১১টার দিকে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছায়।

তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটির সদস্যরা বৈঠকের মাধ্যমে প্রতিবেদন চূড়ান্ত করে সিলগালা অবস্থায় ঢাকায় পাঠিয়েছেন। তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

কমিটির অন্য তিন সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

তদন্তসংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ বা সূত্রপাত সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় কমিটি ঘটনাটির অধিকতর তদন্তের সুপারিশ করেছে।

তদন্তসংশ্লিষ্ট একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ঘরের ভেতরে সিগারেট বা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঘরের পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো আরও তদন্তের সুপারিশ করা হয়েছে।

পেট্রলবোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম বলে দাবি করেছেন তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য। তিনি জানান, প্রতিবেদনে এ বিষয়টিও উল্লেখ করা হয়েছে। দুই দফা তদন্তকালে পেট্রলবোমা থেকে আগুন লাগার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তের সময় কমিটির সদস্যরা ওই বাড়ির বাসিন্দা এবং আশপাশের এলাকার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর দীর্ঘ বক্তব্য গ্রহণ করেন। তাঁদের দেওয়া তথ্য ও পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করেই সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা হয়েছে।

গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।

পরে ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। শুরুতে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। বর্ধিত সময়সীমার শেষ দিন ছিল মঙ্গলবার (২৪ নভেম্বর)।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz