ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে কুতুবআইল শিল্পাঞ্চলের মেট্রো গার্মেন্টসসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে জড়ো হন। পরে মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
দুপুর ১২টার দিকে শ্রমিকরা লিংক রোডের সাইনবোর্ড পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। পরে সড়কের বিভিন্ন স্থানে পৃথকভাবে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
শ্রমিকরা জানান, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।





