মূল অংশে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: খালার বাড়িতে আত্মগোপনে থাকা কিশোর গ্রেপ্তার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ · আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: খালার বাড়িতে আত্মগোপনে থাকা কিশোর গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানাকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে খালার বাড়িতে আত্মগোপনে ছিল সে।

জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে। জেলা পুলিশের ফেসবুক পেজে রাতেই এ তথ্য নিশ্চিত করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, ইমনকে গ্রেপ্তারের পর ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া ক্রিসেন্ট ক্লাবের গলিতে নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিল জাকিয়া। টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর গেট খোলার অপেক্ষায় থাকা অবস্থায় পেছন থেকে এসে তার ওপর হামলা চালায় ইমন। ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সে। এ সময় জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সে বর্তমানে আশঙ্কামুক্ত।

জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার পরিবারের অভিযোগ, কোচিংয়ে পড়ার সময় থেকেই ইমন তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদেরও জানানো হয়েছিল। প্রাইভেট পড়তে গিয়েই দুজনের পরিচয় হয় বলে জানা গেছে।

এ ঘটনায় জাকিয়ার বাবা মোহাম্মদ জাকারিয়া হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত ইমন শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস আলীর ছেলে এবং সানআপ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz