সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এ ধরনের হামলার কোনো আলামত পায়নি পুলিশ। পুলিশের দাবি, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন মাহদী হাসান। তাঁর দাবি, পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এর কিছুক্ষণ পরই সেখানে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
ফেসবুক লাইভে মাহদী তাঁর চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ার দৃশ্য দেখান। একই সঙ্গে মাটিতে পেট্রোলবোমার অংশ পড়ে থাকার কথাও দাবি করেন।
মাহদী হাসান বলেন, তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। তাঁর ধারণা, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা তাঁদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।
তবে তাঁর অভিযোগ নাকচ করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি জানান, ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।
ওসি বলেন, এটি মাহদী হাসানের নাটক। ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মাহদী হাসানের বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে তাঁর চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সেখানকার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এতে তাঁর চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায়।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
৪ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





