মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, দিশেহারা বর

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, দিশেহারা বর
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ থেকে ৪২ জন বরযাত্রী নিয়ে রংপুরে বিয়ে করতে এসে প্রতারণার শিকার হয়েছেন ব্রুনাইপ্রবাসী ফয়ছল আহমেদ। বিয়ের আয়োজন প্রায় সম্পন্ন হলেও আনুষ্ঠানিকতা শুরুর আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে ও তার সঙ্গে থাকা কথিত স্বজনেরা। শেষ পর্যন্ত কনে ছাড়াই বরযাত্রীদের নিয়ে বাড়ি ফিরতে হয় বরকে।

গত ১১ নভেম্বর বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে ১২ নভেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেন ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) এবং কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছে তারা।

অভিযোগ অনুযায়ী, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের মাধ্যমে সুমি আক্তারের সঙ্গে তাদের পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। ভাইয়ের বিয়ের কথা জানালে সুমি নিজের ছোট বোন পরিচয় দিয়ে শ্যামলা খাতুনের সঙ্গে ফয়ছলের বিয়ের প্রস্তাব দেন। পরে ভিডিও কলে দুই পরিবারের সদস্যদের মধ্যে একাধিকবার কথা হয় এবং ১১ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়।

বিয়ের আয়োজন উপলক্ষে ৪২ জন বরযাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রংপুরে যান ফয়ছল। অভিযোগ, বিয়ের আনুষ্ঠানিকতার আগে কনেকে চার ভরি স্বর্ণালংকার উপহার দেন তিনি। স্বর্ণের মান যাচাইয়ের পর কনেকে সাজানোর জন্য একটি বিউটি পার্লারে নেওয়া হয়।

সেখানে বর ফয়ছল তার দুই বোনকে রেখে বাবা ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে বিয়ের কেনাকাটা করতে বের হন। এ সময় কনেকে সাজিয়ে একটি রিকশায় তোলা হয়। ওই রিকশায় কনের বোন পরিচয় দেওয়া এক নারীও ওঠেন। অন্যদিকে, বরের দুই বোন ও কনের বোন পরিচয় দেওয়া আরও দুই নারী আলাদা একটি অটোরিকশায় রওনা হন। কিন্তু কনেকে বহনকারী রিকশাটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্য অটোরিকশাটি রংপুর শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ায় একটি বটগাছের নিচে গিয়ে থামে। সেখানে বরের দুই বোনকে অপেক্ষায় রেখে কনের বোন পরিচয় দেওয়া দুই নারী সরে পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিষয়টি ফয়ছলকে জানান তার দুই বোন।

তামান্নার অভিযোগ, চার ভরি স্বর্ণালংকারের পাশাপাশি নগদ সাত হাজার টাকা, শাড়ি ও বিয়ের জন্য কেনা নতুন পোশাকও নিয়ে গেছেন কনে ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা।

ফয়ছল আহমেদ জানান, ছোট বোন তামান্না তার বিয়ের সব আয়োজন করেছিল। একই ফ্ল্যাটে প্রতিবেশী হিসেবে থাকার সুবাদে সুমি আক্তারের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের পরিচয় ও বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এমন প্রতারণার শিকার হবেন, তা কখনো ভাবেননি।

এদিকে, কামাল কাছনা এলাকার আগামীর চাষি কমিউনিটি সেন্টারের অপারেশন ব্যবস্থাপক রাকিবুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে কনেপক্ষের পরিচয়ে তিনজন এসে জরুরি ভিত্তিতে কমিউনিটি সেন্টার ভাড়া চান। তাদের দাবি ছিল, বরসহ ১০ থেকে ১২ জন অতিথি আসার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪২ থেকে ৪৩ জন এসেছেন।

মানবিক বিবেচনায় তাদের অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়া হয়। কমিউনিটি সেন্টারের ভাড়া ৪২ হাজার টাকা এবং খাবারের জন্য প্রায় ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে টাকা পরিশোধের আশ্বাস দিলেও পরে কনেপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি খাবার পরিবেশনের আয়োজনও শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি। প্রতিষ্ঠানটির পাওনা অর্থও পরিশোধ করেননি অভিযুক্তরা।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz