মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

শর্তসাপেক্ষে ধর্মঘট প্রত্যাহার, ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
শর্তসাপেক্ষে ধর্মঘট প্রত্যাহার, ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ধর্মঘট প্রত্যাহারের পর শুরু হয় ফেরি চলাচল

ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে ফেরি চলাচল শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এতে নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।

জানা গেছে, গত শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়।

এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ-পুলিশ ফাঁড়ি ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। পরে মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের দাবি, অন্যায়ভাবে মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তাঁরা।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। বেলা ১১টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হলে দুই প্রান্তে আটকে থাকা যানবাহন ধীরে ধীরে পারাপার হতে থাকে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz