মেহেরপুরে দুপক্ষের সংঘর্ষে নারী নিহ’ত, আহত ৫
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা খাতুন (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের ইসলাম মহালদার ও তাঁর চাচাতো ভাই হানিফ মহালদারের পরিবারের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে ইসলাম মহালদার বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে হানিফ মহালদারের পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে প্রথমে তর্কবিতর্ক এবং পরে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। মারামারি থামাতে গিয়ে পরিবারের নারী সদস্যরাও আহত হন। এ সময় হানিফ মহালদারের মা তহুরা খাতুনসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে হানিফ মহালদার ও তাঁর ভাই আব্দুর রহমান মহালদারকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাকিয়া সুলতানা ও মুজিবনগর থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





