মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

ঝিকরগাছায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার-নগদ অর্থ লুটের অভিযোগ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ণ · আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ঝিকরগাছায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার-নগদ অর্থ লুটের অভিযোগ
মঙ্গলবার ভোররাতে রঘুনাথনগর গ্রামের মৃত আব্দুল খালেক মাস্টারের বাড়িতে চুরির ঘটনা ঘটে।।ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় জানালার গ্রিল কেটে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা এক নারীকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে উপজেলার পানিসারা ইউনিয়নের রঘুনাথনগর গ্রামের মৃত আব্দুল খালেক মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই বাড়িতে অবস্থানরত শামীমা জেসমিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় কয়েকজন তাঁকে ডাকতে বাড়িতে যান। এ সময় তাঁরা বাড়ির দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। পরে ঘরে প্রবেশ করে শামীমাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মারুফ হোসেন জানান, পরে স্বজনরা এসে শামীমা জেসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত আব্দুল খালেকের ছেলে এস এম হাসানুল বান্নার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ঘটনার রাতে বাড়িতে তাঁর বোন শামীমা জেসমিন একাই ছিলেন। রাতে অজ্ঞাত ব্যক্তিরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাঁকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করেন। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

ভুক্তভোগী শামীমা জেসমিন জানান, রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা তাঁর মনে নেই। ঘুম ভাঙার পর তিনি নিজেকে হাসপাতালে দেখতে পান।

স্থানীয় আব্দুল ওহাব বলেন, চোরেরা ঘরের আসবাবপত্র থেকে শুরু করে চালের ড্রাম পর্যন্ত তছনছ করেছে। সকালে তাঁরা ঘরের সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান। এ ঘটনায় গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীদের শনাক্ত করে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

বাড়ির মালিক মৃত আব্দুল খালেকের বড় ছেলে ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহাবুব-উল আলম বলেন, তাঁদের পৈতৃক বাড়িটি গ্রামীণ পরিবেশে চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা এবং নিরাপত্তাবেষ্টিত। সেখানে এমন ঘটনায় তাঁরা শঙ্কিত। বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz