মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
তথ্য ও প্রযুক্তি

এআই-ঢেউয়ে মাইক্রোসফটের আয় ছুটছে রেকর্ডের পথে

আয়ের প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে মাইক্রোসফটের ক্লাউড ব্যবসা।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
এআই-ঢেউয়ে মাইক্রোসফটের আয় ছুটছে রেকর্ডের পথে
এআই খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে মাইক্রোসফট, আয়ে নতুন রেকর্ড। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড সেবার বাড়তি চাহিদায় আয়ের নতুন রেকর্ড গড়েছে মাইক্রোসফট। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। এ নিয়ে টানা ১০ প্রান্তিকে আয়ের রেকর্ড গড়ল প্রযুক্তি জায়ান্টটি।

বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে মাইক্রোসফট জানিয়েছে, এ প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ৩৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। এক বছর আগের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ৩২ শতাংশ।

আয়ের প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে মাইক্রোসফটের ক্লাউড ব্যবসা। এ খাত থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৬৩ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। এর মধ্যে অ্যাজুর ক্লাউড সেবা থেকে এসেছে ৩৩ দশমিক ২ বিলিয়ন ডলার। আর মাইক্রোসফট ৩৬৫ থেকে আয় হয়েছে প্রায় ২৮ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, ক্লাউড অবকাঠামো এবং এআইভিত্তিক সেবার চাহিদা বাড়ায় মাইক্রোসফটের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও গতি পেয়েছে। তবে ক্লাউড ব্যবসার পুরো আয় এআইনির্ভর নয়। প্রচলিত সফটওয়্যার, তথ্য সংরক্ষণ ও অনলাইন সেবা পরিচালনার জন্যও বিভিন্ন প্রতিষ্ঠান অ্যাজুর ব্যবহার করে।

আলোচ্য প্রান্তিকে ওপেনএআই থেকে মাইক্রোসফট ১০ বিলিয়ন ডলার আয় করেছে। ওপেনএআই বর্তমানে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ও ওরাকলের ক্লাউড সেবাও ব্যবহার করছে। তবে প্রতিষ্ঠানটির অনেক কার্যক্রম এখনো মাইক্রোসফটের ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভরশীল। এ ছাড়া এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও অ্যাজুরের গ্রাহক।

মাইক্রোসফট জানিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির আওতায় ভবিষ্যতে পাওয়ার অপেক্ষায় থাকা বাণিজ্যিক আয়ের পরিমাণ বেড়ে ৬৭৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের বছরের তুলনায় এই পরিমাণ ৭৩ শতাংশ বেশি।

ভবিষ্যতের এই চাহিদা পূরণে ক্লাউড অবকাঠামো সম্প্রসারণে বড় বিনিয়োগ করছে মাইক্রোসফট। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মূলধনী ব্যয় হয়েছে ৪৫ দশমিক ২ বিলিয়ন ডলার, যা এক প্রান্তিকে সর্বোচ্চ। এই ব্যয়ের বড় অংশই ক্লাউড ও এআই অবকাঠামো সম্প্রসারণে যাচ্ছে।

তবে প্রতিষ্ঠানটির সব বিভাগে প্রবৃদ্ধি দেখা যায়নি। ডিভাইস ও ভোক্তাপণ্য বিভাগে আয় হয়েছে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ কম। এ বিভাগে উইন্ডোজের জন্য কম্পিউটার নির্মাতাদের কাছ থেকে পাওয়া আয় ও ডিভাইস বিক্রির আয় ২২ শতাংশ কমেছে।

সর্বশেষ আর্থিক ফলাফলে মাইক্রোসফটের আয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উঠে এসেছে ক্লাউড ও এআই। তবে এই খাতের চাহিদা পূরণে অবকাঠামো সম্প্রসারণে বিপুল বিনিয়োগের চাপও বাড়ছে প্রতিষ্ঠানটির।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz