মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

‘সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির পঞ্চম সেশন অনুষ্ঠিত

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ · আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
‘সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির পঞ্চম সেশন অনুষ্ঠিত
‘সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা মোকাবিলা এবং কর্মক্ষেত্রে নারী সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ নিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ‘সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির পঞ্চম সেশন অনুষ্ঠিত হয়েছে।

সুইডেনের লিনিয়াস ইউনিভার্সিটির ফোজো মিডিয়া ইনস্টিটিউট এবং ইউরোপীয় ইউনিয়নের এজাইল প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত এ সেশনে সাংবাদিকতার মানসিক চাপ, ট্রমা মোকাবিলা এবং কর্মক্ষেত্রে নারীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।

সেশনে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন এমএইচপিএসএস বিশেষজ্ঞ এবং লিভিং উইথ ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাহমুদা। কর্মক্ষেত্রে নারীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন সিনিয়র সাব-এডিটর আফসারা তাসনিম নাজ।

মাহমুদা মানসিক চাপ নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্বাস-প্রশ্বাসের অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানসিক চাপ বা অস্বস্তিকর পরিস্থিতিতে নির্দিষ্ট শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানুষকে শান্ত হতে সহায়তা করতে পারে। সংবেদনশীল বা বিপর্যয়কর ঘটনা কাভার করার আগে, ঘটনার সময় এবং পরে সাংবাদিকদের কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তা নিয়েও আলোচনা করেন তিনি।

সেশনে ভূমিকাভিনয়ের মাধ্যমে কারখানায় অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া এক নারীর সাক্ষাৎকার নেওয়ার অনুশীলন করা হয়। এর মাধ্যমে ট্রমার শিকার ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকের প্রস্তুতি, আচরণ ও সংবেদনশীলতার বিষয়গুলো তুলে ধরা হয়।

এ ছাড়া পরিবার, বন্ধু ও প্রিয়জনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত সীমারেখা নির্ধারণের গুরুত্ব ব্যাখ্যা করেন মাহমুদা। তার মতে, নিজের সীমাবদ্ধতা এবং কোন বিষয়ে কী করা উচিত, সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে সম্পর্ক সুস্থভাবে বিকশিত হতে পারে।

অন্যদিকে, আফসারা নাজ নারীদের দৃষ্টিকোণ থেকে ট্রমা ও মানসিক বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে নারীরা নানা ধরনের মানসিক চাপ ও বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এসব অভিজ্ঞতার প্রভাবে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানসিক অস্বস্তি ও আবেগীয় অসাড়তার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

কর্মক্ষেত্রে নারীদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক নারী কর্মী ও সাংবাদিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অবমূল্যায়ন ও উপেক্ষার শিকার হন। তাদের কাজ ও অবদান যথাযথ স্বীকৃতি পায় না। কখনো ইচ্ছাকৃতভাবে কথা না বলা বা উপেক্ষা করার মতো আচরণও করা হয়, যা ‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ নামে পরিচিত।

গণমাধ্যমে নারী সাংবাদিকদের অংশগ্রহণ ও পারিশ্রমিকের বৈষম্য নিয়েও আলোচনা করেন আফসারা নাজ। তিনি বলেন, নারী সাংবাদিকদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যাশা থাকলেও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার ক্ষেত্রে অনীহা দেখা যায়। এ ধরনের বৈপরীত্য নারী সাংবাদিকদের পেশাগত অবস্থান ও কর্মক্ষেত্রের বাস্তবতা তুলে ধরে।

সাংবাদিকতা পেশায় মানসিক চাপ ও ট্রমা মোকাবিলার দক্ষতা তৈরি এবং সাংবাদিকদের মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz