মূল অংশে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ · ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুইবারের চ্যাম্পিয়ন সিনার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ৯:০২ অপরাহ্ণ · আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুইবারের চ্যাম্পিয়ন সিনার
ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুইবারের চ্যাম্পিয়ন সিনার

ডান হাঁটুতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার। ইতালির এই টেনিস তারকা ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। চলতি সপ্তাহে তিনি জানান, ফিনল্যান্ডের একটি ক্লিনিকে তাঁর অস্ত্রোপচার হয়েছে।

জুলাইয়ে দ্বিতীয়বারের মতো উইম্বলডন জয়ের পর আর কোনো ম্যাচ খেলেননি সিনার। ফলে মেলবোর্ন পার্কে তাঁর অংশগ্রহণ নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল।

টেনিস অস্ট্রেলিয়ার প্রধান অ্যান্ড্রু অ্যাবডো জানান, সিনারের দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। সাম্প্রতিক অস্ত্রোপচারের পর আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর অংশগ্রহণ সম্ভব হবে না বলে নিশ্চিত করেছে তাঁর দল।

তিনি আরও বলেন, সিনার মেলবোর্নে খেলতে ভালোবাসেন এবং ২০২৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে মুখিয়ে আছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শিগগিরই তাঁকে আবার কোর্টে দেখার আশাও প্রকাশ করেন তিনি।

বিশেষজ্ঞদের ধারণা, সিনারকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারি-মার্চে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্স দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হার্ডকোর্ট মৌসুমে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।

২৫ বছর বয়সী সিনার হাঁটুর সমস্যায় ছিটকে যাওয়ার আগে দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন। উইম্বলডন জয়ের পাশাপাশি মাস্টার্স ১০০০ পর্যায়ের পাঁচটি শিরোপাও জিতেছিলেন তিনি।

২০২৬ সালে সিনারের জয়ের হার ছিল ৯৪ শতাংশ, যা তাঁর ক্যারিয়ারের সেরা। তাঁর অনুপস্থিতিতে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আলেক্সান্ডার জভেরেভ।

এর আগে অস্ত্রোপচারের কথা জানিয়ে পাঁচ গ্র্যান্ড স্ল্যামজয়ী সিনার বলেন, গত কয়েক মাস ধরে তাঁর দল অস্ত্রোপচার ছাড়াই চোটের চিকিৎসার সব ধরনের চেষ্টা করেছে। শুরুর দিকে আশাব্যঞ্জক উন্নতি হলেও দুর্ভাগ্যজনকভাবে হাঁটু প্রত্যাশা অনুযায়ী সাড়া দেয়নি। এ কারণেই ইলিওটিবিয়াল ব্যান্ডের অবস্থা উন্নত করতে ছোট একটি অস্ত্রোপচার করিয়েছেন তিনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz