নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নানা আয়োজনে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন, পায়রা অবমুক্তকরণ, কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে দর্শন বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘যখন পৃথিবীতে সভ্যতার বিকাশ ঘটে, তখন থেকেই দর্শনের যাত্রা শুরু। আবার আমাদের পড়াশোনার সর্বশেষ ডিগ্রিও ডক্টর অব ফিলোসফি। সুতরাং জ্ঞানের শুরু ও শেষ—দুটিই দর্শন দিয়ে। এ থেকেই দর্শনের গুরুত্ব অনুধাবন করা যায়। দর্শন বিষয়ে গুণী ব্যক্তিদের এমন আলোচনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারে।’
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন তার গুরুত্ব হারিয়ে ফেলতে বসে, তখন জাতিসংঘ একটি দিবস ঘোষণা করে গুরুত্ব ফিরিয়ে আনার জন্য। সুতরাং বোঝা যাচ্ছে, দর্শনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আজ বিশ্বে গুরুত্ব কমে যাচ্ছে বিধায় ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস ঘোষণা করেছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম।
‘প্রাতিষ্ঠানিক অন্যায্যতা ও আমাদের মানসিক সংকট: সমাজে দর্শনচর্চার প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা।
আলোচনা সভার একপর্যায়ে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উপলক্ষে দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা সম্পাদিত ‘বিশ্ব দর্শন দিবস স্মরণিকা-২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়।
এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে নতুন কলা ভবনের সামনে অতিথিরা পায়রা অবমুক্ত ও কেক কাটেন। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





