মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

‘এখান থেকেই শুরু হয়েছিল সব’— ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষলগ্নে ‘কাবিলা’

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
‘এখান থেকেই শুরু হয়েছিল সব’— ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষলগ্নে ‘কাবিলা’
ছবি : সংগৃহীত

দীর্ঘ ৯ বছরের পথচলার ইতি টেনে শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শেষ অংশের শুটিং। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করা নাটকটি সময়ের সঙ্গে দর্শকদের কাছে বিশেষ ভালোবাসা ও আবেগের জায়গা তৈরি করে নেয়।

শুটিং শেষ হওয়ার পর স্মৃতিচারণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন নাটকটির জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’র অভিনেতা জিয়াউল হক পলাশ। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি নাটকটির শুরুর দিনগুলোর স্মৃতি তুলে ধরেন।

রাজধানীর লালমাটিয়ার সেই পরিচিত রাস্তা, গাছতলা ও বিকেলের কথা স্মরণ করে পলাশ লেখেন, ‘এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!’

পলাশ জানান, শুরুতে এটি ছিল সাধারণ একটি নাটকের গল্প। দেখতে দেখতে কেটে গেছে বহু বছর। এই দীর্ঘ সময়ে নাটকটির পাশাপাশি তাঁর নিজের জীবনেও এসেছে নানা পরিবর্তন। শুটিংয়ের অসংখ্য ভোর, নির্ঘুম রাত, হাসি-আনন্দ, মান-অভিমান এবং সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

বিদায়ের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘এত স্মৃতি কোথায় রাখি? কোন বাক্যে ধরি এতগুলো বছর? কোন শব্দ দিয়ে বোঝাই, এই পথটুকু আমার কাছে কতখানি?’

পোস্টের শেষাংশে পলাশ লেখেন, ‘মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। অথচ কোথাও একটা গাছতলা থেকে যায়। একটা রাস্তা থেকে যায়। কিছু মানুষের হাসির শব্দ বাতাসে মিশে থাকে।’ তিনি আরও বলেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’

উল্লেখ্য, ২০১৭ সালে শুরু হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু, পাশা, রোকেয়া ও অন্তরাসহ বিভিন্ন চরিত্র দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অভিনয় করে কাবিলা চরিত্রের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের ভালোবাসা অর্জন করেন জিয়াউল হক পলাশ। পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার মধ্য দিয়ে জনপ্রিয় এই ধারাবাহিকটির দীর্ঘ পথচলার একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz